তারেক রহমানের দণ্ডের রায় কার্যকরের দাবি ছাত্রলীগের
মানি লন্ডারিং মামলায় উচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে রায় কার্যকরের দাবি জানিয়েছে ছাত্রলীগ। গতকাল শুক্রবার তারা এ দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এর আগে ছাত্রলীগের নেতা-কর্মীরা মধুর ক্যানটিনের সামনে থেকে মিছিল বের করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি আবিদ আল হাসান। তিনি বলেন, পরামর্শ প্রতিষ্ঠান খুলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে সে অর্থ বিদেশে পাচার করায় অর্থ-ইতিহাসের কলঙ্ক তারেক রহমান। এই অর্থ পাচারকারী আদালতের বিচারে দণ্ডপ্রাপ্ত। তাই তাঁকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচারের রায় কার্যকর করতে হবে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এনামুল হক শামীম। এ ছাড়া বক্তব্য দেন সাবেক সভাপতি লিয়াকত শিকদার, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন দক্ষিণ শাখার সভাপতি বায়েজিদ আহমেদ খান।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন জানান, সারা দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে তারেক রহমানের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।