বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট বাতিলের দাবি জানিয়েছেন ছাত্রলীগের নেতারা। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান।
বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এর আগে দারুল ফজল দলীয় কার্যালয় থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ মিছিল বের করে। মিছিলটি কোতোয়ালি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহসভাপতি একরামুল হক ও সুমন বড়ুয়া।
সমাবেশে বক্তারা বলেন, মীর জাফর ও খন্দকার মোশতাকের পর তারেক রহমানের নাম চিহ্নিত হয়ে থাকবে। ইয়াহিয়া যে ভাষায় বঙ্গবন্ধু সম্পর্কে মন্তব্য করতেন, এখন সেই ভাষায় কথা বলছেন তারেক রহমান। ইয়াহিয়ারা একাত্তরে এ দেশ থেকে বিতাড়িত হয়েছে। তারেক রহমানও আস্তাকুঁড়ে যাবেন। তাঁর পাসপোর্ট বাতিল করে তাঁকে আইনের আওতায় আনতে হবে।