তারেক সন্ত্রাসী, বিএনপি সন্ত্রাসীদের দল: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

তারেক রহমান সন্ত্রাসী, বিএনপি সন্ত্রাসীদের দল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে ধন্যবাদ জানিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, হাইকোর্টের রিটের প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব মনের অগোচরে স্বীকার করেছেন তাঁদের দলের নেতা (তারেক রহমান) ও বিএনপি সন্ত্রাসীর দল। খন্দকার মাহবুব বলেছেন—ওসামা বিন লাদেনের বক্তব্যও মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়, তাহলে তারেক রহমানের বক্তব্য প্রচারে সমস্যা কোথায়। এই বক্তব্যই প্রমাণ করে তারেক রহমান সন্ত্রাসী, বিএনপি সন্ত্রাসীদের দল।
হানিফ বলেন, ‘গতকাল হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। ওই রায়ে বলা হয়েছে, বিদেশে অবস্থানকারী কোন ফেরারি আসামির বক্তব্য মিডিয়াতে প্রকাশ করা যাবে না। এই সিদ্ধান্ত যুগোপযোগী। এতে কোনো ফেরারি আসামি বিদেশে বসে দেশের ইতিহাস বিকৃতি করতে পারবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘৫ জানুয়ারিকে কেন্দ্র করে দেশে যে সহিংসতা করা হচ্ছে, এর দায়ভার বিএনপি ও তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেই নিতে হবে। তিনি বলেন, আর যা-ই হোক, বিএনপির দ্বারা আন্দোলন হবে না। কারণ নেতারা গ্রেপ্তারের ভয়ে প্রেসক্লাবে লুকিয়ে থাকেন। হাসপাতাল থেকে পালিয়ে যান। যে দলের নেতারা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে থাকেন, তাঁরা কীভাবে আন্দোলন করবেন?’
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা বর্ধিতসভায় উপস্থিত ছিলেন। ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপল‌েক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।