তারেক-সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক রহমান ও আবদুস সালাম
তারেক রহমান ও আবদুস সালাম

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ এ মামলা দায়ের করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে জানান, পেনাল কোড (দণ্ডবিধি) ১২৪–এর ১ ধারায় তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। থানায় মামলা নং ১৩।

তেজগাঁও থানায় এসআই রোবহান উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয়েছে, ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া কিছু বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচারিত হয়। এরপর ৬ জানুয়ারি তেজগাঁও থানার পুলিশ তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে আজ রাষ্ট্রদ্রোহের ওই মামলা করা হয়। মামলায় পরস্পর যোগসাজশে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানির অভিযোগ আনা হয়েছে।