তারেককে নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদালতকে প্রভাবিত করে খালাস পেয়েছিলেন, আইনমন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন। এতে বলা হয়, তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০১৩ সালের ১৭ নভেম্বর বিচারিক আদালত তাঁকে খালাস দেন। ২১ জুলাই ওই মামলার আপিলের রায় ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ের পর আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে বলেছেন, বিচারিক আদালতের বিচারক মো. মোতাহার হোসেন প্রভাবিত হয়ে তারেক রহমানকে খালাস দিয়েছিলেন এবং রায় দেওয়ার পরই ওই বিচারক পালিয়ে মালয়েশিয়া চলে যান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আইনমন্ত্রীর ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
মাহবুব উদ্দিন খোকন বলেন, বিচারক নিয়োগ দিয়েছিল আইন মন্ত্রণালয়। একজন বিরোধীদলীয় নেতা সুদূর লন্ডনে বসে কীভাবে বিচারককে প্রভাবিত করেন, তা বোধগম্য ও জাতির কাছে বিশ্বাসযোগ্য নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি জয়নুল আবেদীন, আইনজীবী সানাউল্লা মিয়া, বদরুদ্দোজা বাদল, তৈমুর আলম খন্দকার, কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম প্রমুখ।