তারেককে নিয়ে মাথা ঘামাতে আগ্রহী নয় ইন্টারপোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ইন্টারপোল পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা তারেক রহমানের ব্যাপারে মাথা ঘামাতে আগ্রহী নয়। গতকাল সোমবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির সদস্য সংগ্রহ ও পদ নবায়ন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক গত বুধবার রাজশাহীতে এসে বলেছিলেন, লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করা হবে। তাঁর ওই বক্তব্যের ব্যাপারে গতকাল সাংবাদিকেরা নজরুল ইসলাম খানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আইনমন্ত্রী বহুবার বলেছেন, তাঁরে বলেন না, যাইয়া নিয়া আসতে।’

নজরুল ইসলাম খান বলেন, বিএনপিতে গৌরব করার অনেক কিছু আছে। লজ্জার কিছু নেই। কিন্তু আওয়ামী লীগে লজ্জিত হওয়ার অসংখ্য ঘটনা আছে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য দিনের পর দিন আন্দোলন করেছে দলটি। আর এই সরকার যখন বিএনপি চাচ্ছে, তখন আওয়ামী লীগ বলছে সেটা সংবিধানে নেই।