বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে। তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে মিথ্যে মামলা দিয়ে নানা কূটকৌশল চালানো হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপি আয়োজিত ‘তারেক রহমান ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব অভিযোগ করেন নজরুল ইসলাম খান। তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি যাতে জনগণের ভোটের অধিকার আদায়ে ঘুরে দাঁড়াতে না পারে, সে জন্য ষড়যন্ত্র চলছে। নেতা-কর্মীদের ওপর মামলা, হামলা ও নির্যাতন চালানো হচ্ছে। মিথ্যা মামলায় জেলে ভরা হচ্ছে। দলীয় স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ত্যাগী নেতা-কর্মীদের পেছনে লেলিয়ে দিয়ে পরিবার ও বাড়িছাড়া করা হচ্ছে।
নজরুল ইসলাম খান বলেন, জনগণের কথা বলতে গিয়ে তারেক রহমান সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। জেল, জুলুম, মিথ্যা মামলা দিয়ে তাঁকে নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। হিংসাত্মকভাবে তাঁর মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের মতো দেশপ্রেমিক নেতার বড়ই প্রয়োজন। তিনি দেশে ফিরলে আবারও দেশ গড়ার কাজ করবেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার, চেয়ারপারসনের উপদেষ্টা বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, জেলা জিয়া পরিষদের সভাপতি মওদুদ হোসেন আলমগীর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম এবং যুগ্ম সম্পাদক নাজমুল হুদা বক্তব্য দেন।
এর আগে কবুতর ও বেলুন উড়িয়ে তারেক রহমানের জন্মবার্ষিকীর উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি।