তারেককে 'লম্বা কথা' না বলতে বললেন মতিয়া

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে বসে ‘লম্বা কথা’ না বলার অনুরোধ জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘সাহস থাকলে দেশে এসে কেস ফেইস করুন। বিদেশ থেকে লম্বা কথা বলবেন না। বাংলাদেশের মানুষ আপনার লম্বা কথায় বিভ্রান্ত হবে না।’
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহিলা শ্রমিক লীগের শোক দিবসের আলোচনা সভায় মতিয়া চৌধুরী এসব কথা বলেন। গত রোববার লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ ইউকে আয়োজিত সেমিনারে তারেক রহমান বলেন, ‘শেখ হাসিনা খোন্দকার মোশতাককে কুলাঙ্গার বলেছেন। অথচ ওই মোশতাকের শপথ অনুষ্ঠান পরিচালনা করেছেন এইচ টি ইমাম। সেখানে কর্নেল তাহের, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু ছিলেন। এঁদের নিয়েই শেখ হাসিনা চলছেন। এতে প্রমাণ হয় শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী। আওয়ামী লীগ টোটালি ইজ এ দল অব কুলাঙ্গার।’
তারেককে উদ্দেশ করে মতিয়া বলেন, ‘তিনি একজন ফেরারি আসামি। পাকিস্তানি সেনা জানজোয়ার মৃত্যুর পর তাঁর মা সব প্রটোকল ভেঙে শোকবাণী পাঠিয়েছিলেন।’ তিনি দাবি করেন, ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া তাঁদের আর কোনো মিশন নেই। তাঁকে (শেখ হাসিনা) হত্যা করা অর্থ বাংলাদেশের অর্থনীতিকে নষ্ট করা।’
দেশের রাজনীতি সম্পর্কে তারেক রহমানকে যা খুশি তা-ই না বলার অনুরোধ জানান মতিয়া।
আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তারেক রহমানকে ‘কুলাঙ্গার বাঙাল’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ওই সময় তাঁর জন্ম হয়েছে বা তিনি অনেক ছোট ছিলেন। আজ তিনি বঙ্গবন্ধু নিয়ে নানান কথা বলেন।
৩০ আগস্ট, শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপির ‘গুম দিবস’ উপলক্ষে মানববন্ধন না করার অনুরোধ জানিয়ে মায়া বলেন, ‘ওই দিন তারা (বিএনপি) ঢাকায় কর্মসূচি দিয়েছে। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। ঝগড়া করতে চাইলে পা ভাইঙা হাতে ধরায় দিমু। আপনারা শোক দিবসে সম্মান দেখান, নইলে আপনাদের কপালে শনির দশা আছে।’
মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল হক প্রমুখ।