তারেকের নাম ইন্টারপোলের তালিকা থেকে প্রত্যাহার হয়েছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তাঁদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম ইন্টারপোলের তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। তারেক সম্পর্কে ইন্টারপোলে সরবরাহ করা তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় ডেটাবেজ থেকে সব তথ্যও মুছে ফেলা হয়েছে।
আজ রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই দাবি করেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, তারেকের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে তাঁরা আইনিভাবে লড়াই করবেন।
মির্জা ফখরুল দাবি করেন, প্রমাণিত হয়েছে তারেক রহমান পলাতক নন। রাজনৈতিকভাবে হেয় করতেই তারেক রহমানের নাম ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়েছে। ইন্টারপোল বুঝতে পেরেছে তারেক রহমানের সম্মান বিনষ্ট করতে ইন্টারপোলকে ব্যবহার করার চেষ্টা হয়েছে।
ফখরুল বলেন, ‘গত ১৪ মার্চ কমিশন ফর দ্য কন্ট্রোল অব ইন্টারপোলস ফাইলস এর পক্ষ থেকে লন্ডনের লিগ্যাল ফার্ম লন্ডনিয়াম সলিসিটর্স ফার্মকে লিখিতভাবে ইন্টারপোলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, ফ্রান্সে ইন্টারপোলের হেড কোয়ার্টার্সে কমিশন ফর দ্য কন্ট্রোল অব ইন্টারপোলস ফাইলস এর এক বৈঠকে বলা হয়, তারেক রহমান সম্পর্কে প্রাপ্ত সবল তথ্য প্রমাণ এবং তারেক রহমানের রাজনৈতিক অবস্থা ও অবস্থান বিশ্লেষণ করে দেখা যায়, কোনোভাবেই তাঁর নাম ইন্টারপোলে তালিকাভুক্ত হতে পারে না।’
মির্জা ফখরুল বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় পুনঃতদন্ত করিয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানকে মামলার আসামি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর তারেক রহমানকে পলাতক দেখিয়ে তাঁর সম্পর্কে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য সরবরাহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তারেকের বিরুদ্ধে ইন্টারপোল ২০১৫ সালের এপ্রিল মাসে রেড নোটিশ জারি করে।
ফখরুল বলেন, সরকার তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে গিয়ে এখন নিজেরাই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতা।