তারেকের নামে পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সকালে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে যুবদল ঢাকা মহানগর উত্তর। এতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এ ছাড়া রাজধানীর মৌচাক এলাকায় মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবদল।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর প্রতিবাদে যুবদল শুক্রবার সারা দেশে থানায় থানায়, পরদিন শনিবার জেলায় জেলায় এবং আজ ঢাকা মহানগরসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল।
অন্যদিকে ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুরে রাজধানীর দৈনিক বাংলা এলাকায় মিছিল করে ছাত্রদলের নেতা-কর্মীরা। একপর্যায়ে পুলিশের বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।