তারেকের পরোয়ানা 'মোটেও আইনসিদ্ধ হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ‘মোটেও আইনসিদ্ধ হয়নি’ বলে দাবি করেছে বিএনপি। আজ সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই দাবি করেন।

আসাদুজ্জামান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে তাঁর একটি রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে ২০১৪ সালের ১৯ অক্টোবর ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ এর একটি নালিশি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ঘটনায় বিএনপি বিস্মিত। আইনের চোখে তিনি কোনোভাবেই পলাতক নন।
আসাদুজ্জামান বলেন, তারেক উন্নত চিকিৎসা নেওয়ার উদ্দেশে আদালতের অনুমতি নিয়ে লন্ডনে যান। তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তিনি এখনো সেখানে চিকিৎসা নিচ্ছেন। এ কারণে দেশে তাঁর বিরুদ্ধে উত্থাপিত কোনো অভিযোগের বিষয়ে তিনি সশরীরে আইনি মোকাবিলাও করতে পারছেন না। এ অবস্থায় তাঁকে পলাতক দেখিয়ে, তাঁর বিরুদ্ধে মামলা পরিচালনা করে, একপর্যায়ে তাঁকে পলাতক ঘোষণা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাটা মোটেও আইনসিদ্ধ হয়নি বলে বিএনপি মনে করে।
আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক নেতারা নানা প্রেক্ষাপটে নানা রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিয়ে থাকেন। রাজনৈতিক নেতা-নেত্রীদের বক্তব্য-বিবৃতি আইন আদালতে গড়ালে রাজনীতির প্রবাহ স্বাভাবিক থাকে না। বিএনপি মনে করে, তারেক রহমানের গত বছর লন্ডনে একটি বক্তৃতাকে কেন্দ্র করে যে মামলার উদ্ভব হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত ছিল। এর প্রতিক্রিয়া রাজনৈতিকভাবে আসা উচিত ছিল।