তারেকের বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ!

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যুক্তরাজ্যের বাংলাদেশি সমাজে অশান্তি, অস্থিরতা ও সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগ এনেছে যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদ। গতকাল বুধবার সংগঠনটির পক্ষ থেকে এসব অভিযোগ সংবলিত একটি পিটিশন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে-র বরাবর দাখিল করা হয়েছে।
অভিযোগে বলা হয়, কখনো রাজনীতি করবেন না, এমন মুচলেকা দিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে এলেও তারেক রহমান সম্প্রতি বিভিন্ন সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন মিথ্যা, কুরুচিপর্ণ এবং ন্যক্কারজনক বক্তব্য দিয়ে বাংলাদেশিদের মধ্যে অশান্তি সৃষ্টি করে চলছেন। তিনি তাঁর দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে তাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখামাত্র ‘রাজাকার’ বলেন। এ অবস্থায় যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতে সংহিস অবস্থার সৃষ্টি হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে যুব মহিলা লীগের এক সভায় যুক্তরাজ্য বিএনপির হামলার বিষয়টিও উল্লেখ করেন তাঁরা। ওই হামলার ঘটনায় যুক্তরাজ্য ছাত্রলীগের একজন নেতা গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই দিন দুজনকে আটক করে। বিষয়টি নিয়ে মামলা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, বাংলাদেশের একজন পতালক আসামি বলে নয়; ব্রিটিশ সমাজে শান্তি শৃঙ্খলারস্বার্থে তারেক রহমানের এমন কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ পদক্ষেপ নেওয়ার দায়িত্ব রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের এক সহকারী এই পিটিশনটি গ্রহণ করেন। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে পিটিশনের প্রাপ্তি স্বীকার করে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে জানানোর আশ্বাস দিয়েছে।
পিটিশন প্রদানের সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন সম্পাদক হাফিজুর রহমান মিনার, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মহিউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অনুকুল তালুকদার ডালটন, সিনিয়র সহসভাপতি শওগাতুল আনোয়ার খান, সহসভাপতি এনামুল হক, মো. মমিন আলী প্রমুখ।
উল্লেখ্য, লন্ডনে সম্প্রতি কয়েকটি সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ‘পাকবন্ধু’, ‘রাজাকার’ বলে মন্তব্য করেন। এ নিয়ে বিরূপ সমালোচনার মুখে পড়েন তিনি।