বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে গতকাল শনিবার নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। এদিকে খাগড়াছড়িতে যুবদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
নোয়াখালীতে বেলা ১১টায় জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরবাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর, সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস ও জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন।
বক্তারা বলেন, জিয়ার পরিবারকে ধ্বংস করার হীন উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করছে সরকার। সরকারের এই ষড়যন্ত্র সফল হবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সামছুদ্দোহা প্রমুখ।
এদিকে খাগড়াছড়িতে জেলা যুবদলের মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
বেলা ১১টার দিকে খাগড়াছড়ি শহরের কলাবাগান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মূল সড়কে উঠতে চাইলে গণপূর্ত বিভাগের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী মারমা, যুগ্ম সম্পাদক মংসাথোআই চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক আবদুল মালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান মিছিলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
পটিয়ায় লাঠিপেটা
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের পটিয়ায় গতকাল বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশের জন্য যুবদলের নেতা-কর্মীরা পটিয়া কলেজ গেটে বিএনপি কার্যালয়ে সমবেত হতে থাকেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি ও পটিয়া পৌরসভা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর নেতৃত্ব দলীয় কার্যালয়ের দিকে একটি মিছিল আসছিল। দলীয় কার্যালয়ের সামনে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময়ে পুলিশ দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদেরও জোরপূর্বক বের করে দিয়ে তাঁদেরও লাঠিপেটা করে। তিনি বলেন, সমাবেশ করার জন্য তাঁরা পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন।
যুবদলের দাবি, পুলিশের লাঠিপেটায় ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, যুবদল সমাবেশের জন্য লিখিত অনুমতি নেয়নি। তাই পুলিশ তাদের মিছিল-সমাবেশ করতে দেয়নি।