তারেকের বিরুদ্ধে দুই মামলা, সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, মানহানিকর বক্তব্য প্রদান ও ইতিহাস বিকৃত করার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পটুয়াখালীতে পৃথক দুটি মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তারেক শামসের আদালতে পৃথক এই মামলা দুটি করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক রাশেদ খান।
আদালতে করা অভিযোগে বলা হয়, তারেক রহমান বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতাযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কুরুচিপূর্ণ ও ইতিহাস বিকৃত করে বক্তব্য রেখেছেন। তাঁর এমন বক্তব্যে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়াসহ জাতির জনক ও আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
অভিযোগে দাবি করা হয়, আসামির বক্তব্যে আওয়ামী লীগের কর্মী হিসেবে মামলার বাদী মো. নাসির উদ্দিন হাওলাদারের পাঁচ কোটি টাকা ও রাশেদ খানের সাত কোটি টাকার ক্ষতি হয়েছে, যা অপূরণীয়।
আদালত অভিযোগ দুটি আমলে নিয়ে আগামী বছরের ৫ ফেব্রুয়ারি হাজির হতে তারেক রহমানের নামে সমন জারি করেছেন।