বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো সক্রিয় করে দ্রুত বিচারকাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি এ আহ্বান জানান দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লন্ডনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ক্ষমার অযোগ্য। বিদেশে থাকলেও এমন বক্তব্যের জন্য যুদ্ধাপরাধীদের মতো তারেককেও পরিণতি ভোগ করতে হবে। তিনি বলেন, ‘কারও বক্তব্য ও আচার-আচরণের মধ্য দিয়ে তার পারিবারিক পরিচয় স্পষ্ট হয়। যার আচরণ খারাপ তার পারিবারিক শিক্ষাই সাধারণত খারাপ হয়ে থাকে। সম্ভবত জিয়াউর রহমানের জীবদ্দশায় তারেক রহমানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেননি।’
তারেক রহমানের বিরুদ্ধে চলমান মামলার বিচার দ্রুততর করার দাবি জানান হাছান মাহমুদ। পাশাপাশি তারেক রহমানের সব বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে দীপু মনি, আবদুস সোবহান, বদিউজ্জামান ভূঁইয়া, সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।