তারেকের সাজার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে গতকাল শনিবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। অনেক জায়গায় পুলিশ বিএনপির মিছিলে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএনপি কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি ঘোষণা করেছিল। এর অংশ হিসেবে আজ রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সভা করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রথম আলোর প্রতিনিধিরা জানান, গতকাল বিকেলে ফরিদপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড় থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলটি শিশু হাসপাতালের সামনের সড়ক হয়ে প্রেসক্লাবের সামনে পৌঁছালে বাধার মুখে পড়ে। পিরোজপুরে জেলা বিএনপির নেতা-কর্মীরা শহরে মিছিল বের করলে পুলিশ সেখান থেকে তিনজনকে আটক করে। বরিশালের অশ্বিনী কুমার হল-সংলগ্ন জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। সমাবেশ শেষে মিছিল করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল থেকেই পুলিশ অবস্থান নেয়। পুলিশের বাধার কারণে বিএনপির নেতা-কর্মীরা মিছিল করতে পারেননি। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশের ব্যানার পুলিশ ছিঁড়ে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।

এদিকে গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির কর্মসূচি বানচাল করার জন্য শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে।

রাজনৈতিকভাবে মোকাবিলা: তারেকের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের সাজার বিষয়টি রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবিলা করা হবে। গতকাল শনিবার দুপুরে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল দাবি করেন, তারেক রহমানকে রাজনৈতিকভাবেই সাজা দেওয়া হয়েছে। তাই রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করা হবে এবং আইনগতভাবেও মোকাবিলা করা হবে। তিনি অভিযোগ করেন, সরকার তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। এ জন্য তারা বিভিন্ন মামলা দিয়ে তাঁকে সাজা দেওয়ার কৌশল অবলম্বন করছে।