তারেকের সাজার রায় মেনে নেওয়ার আহ্বান হাছান মাহমুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে হাছান মাহমুদ। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে হাছান মাহমুদ। ছবি: জুয়েল শীল

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় দেওয়া রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। আজ শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের প্রচার উপকমিটির এক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, এই মামলায় নিম্ন আদালত তারেক রহমানকে খালাস দেওয়ার পর বিএনপি স্বাগত জানিয়েছিল। এখন উচ্চ আদালতের রায়ের পর বিএনপি বলছে সরকারের ইচ্ছায় রায় হয়েছে। সরকারের ইচ্ছায় যদি আদালতের রায় হতো, তাহলে নিম্ন আদালত থেকে তারেক রহমান খালাস পেতেন না বলে জানান তিনি।
গুলশানের কূটনৈতিক এলাকা থেকে বিএনপি কার্যালয় সরানোর আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে সব অননুমোদিত কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি কার্যালয়ও একই কারণে সরানোর কথা উঠেছে। বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হবে দলটি এতই ঠুনকো যে গুলশান থেকে কার্যালয় সরালেই তাদের দল ধ্বংস হয়ে যাবে। বাদানুবাদ ছেড়ে কূটনীতিকদের নিরাপত্তার জন্য সরকারকে সহায়তার অনুরোধ জানান তিনি।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, দেশব্যাপী জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ২৭ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ইসলামের আলোকে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় আমাদের করণীয়’ বিষয়ে গোলটেবিলের সিদ্ধান্ত হয়েছে। এতে দেশের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন ইসলামি দলের নেতারা অংশ নেবেন। 
এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, সাংসদ সায়মুম সরোয়ার প্রমুখ।