তালগাছ আমার এমন গণতন্ত্র দরকার নেই: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘তালগাছ আমার’ এমন গণতন্ত্রের দরকার নেই। এটা রাজনীতির মন্ত্র হতে পারে না। সংসদীয় গণতন্ত্রের নামে দুই দল জনগণকে ভাঁওতা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আজ রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে এরশাদ এসব কথা বলেন।
জাতীয় পার্টির নেতা এরশাদ আরও বলেন, ১৯৯১ সালে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল। সংসদীয় গণতন্ত্র তিনি চান না বলে জানান। তিনি বলেন, ক্ষমতায় এলে রাষ্ট্রপতির শাসন চালু করবেন। প্রাদেশিক সরকারও চালু হবে।
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর দক্ষিণে দলের প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়। সিটি করপোরেশন নির্বাচনে জয়ের মধ্য দিয়ে জাতীয় পার্টি গণতন্ত্র উদ্ধার করবে বলে জানান এরশাদ।
সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সংকট চলছে। জাতি আজ অবরুদ্ধ। আন্দোলনের নামে মানুষ খুন করা হচ্ছে। ক্ষমতায় থাকার জন্য বিচারবহির্ভূত হত্যা চলছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ডাকা ওই যৌথসভায় নারীশাসনের অবসান চেয়ে দোয়া করা হয়। সভার শুরুতে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই দোয়া-মাহফিলে নারীশাসনের অবসান করে পুরুষশাসন কায়েম করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় বসাতে এবং এইচ এম এরশাদকে আবারও দেশের রাষ্ট্রপতি করতে দোয়া চাওয়া হয়।
এদিকে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে নারী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’।