তালেবান-আইএসের দেশই বিএনপির দেশ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে পাকিস্তানে। তালেবান-আইএসের দেশ হলো বিএনপির দেশ।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নাছরিন নবী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
সমাবেশে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া বিখ্যাত হয়েছেন দুর্নাম কুড়িয়ে ও এতিমের টাকা চুরি করে জেলে গিয়ে। এটাই খালেদা জিয়ার পরিচয়। তাঁর ছেলে দেশের টাকা লুটপাট করে বিদেশে পালিয়েছেন। বিপরীতে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তথ্যপ্রযুক্তির দিক দিয়ে দেশকে সমৃদ্ধ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশে নারীদের কোনো অধিকার ও পরিচয় ছিল না। তখন নারীদের ওপর অ্যাসিড মারা হতো। শেখ হাসিনা নারীদের আত্মপরিচয় দিয়েছেন। নারী ক্ষমতায়নে সারা বিশ্বে বাংলাদেশ এখন পাঁচটি দেশের একটি।
আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়সার প্রমুখ।