তাহের ছিলেন জিয়ার প্রাণ রক্ষাকারী: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাণ রক্ষা পায়। কর্নেল তাহের ছিলেন জিয়ার প্রাণ রক্ষাকারী। সিপাহি বিদ্রোহের পরবর্তী খলনায়ক জিয়া। আর কর্নেল তাহের হচ্ছেন নায়ক।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে আজ মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান উপলক্ষে জাসদ এ আলোচনা সভার আয়োজন করে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ৭ নভেম্বরে অভ্যুত্থানের পরে জিয়ার ক্ষমতা দখল ছিল বেইমানি ও বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে। এখনো বিএনপির বেইমানির রাজনীতি অব্যাহত আছে। বাংলাদেশকে নিরাপদ করতে হলে বিএনপির এই বেইমানির রাজনীতি সর্বতোভাবে বর্জন এবং ধ্বংস করে দিতে হবে।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘সিপাহি বিদ্রোহ আসলে কোনো অফিসার বা মুক্তিযোদ্ধা হত্যা ছিল না, জাতীয় সংহতি বিপ্লব দিবসও ছিল না। এটি কোনো ক্যু বা অবৈধ ক্ষমতা দখলও ছিল না। ৭ নভেম্বরের বিদ্রোহ ছিল বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে, ক্ষমতালোভী অফিসারদের খুনোখুনির বিরুদ্ধে বাংলাদেশকে ও সশস্ত্র বাহিনীকে রক্ষার জন্য একটি বিদ্রোহ। কর্নেল তাহের সেই সাহসী ভূমিকার মধ্য দিয়ে সিপাহি-জনতার বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন।’ তিনি বলেন, জিয়াউর রহমান তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে নিজেকে মীরজাফর বানালেন। সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের প্রাণ রক্ষা পায়। কর্নেল তাহের ছিলেন জেনারেল জিয়াউর রহমানের প্রাণ রক্ষাকারী। সিপাহি বিদ্রোহে খলনায়ক জিয়া আর কর্নেল তাহের হচ্ছেন নায়ক।
হাসানুল হক ইনু আরও বলেন, সিপাহি বিদ্রোহের পরে বিএনপির জন্ম। আর বিএনপিতে খালেদা জিয়ার আগমন। খালেদা জিয়া ও বিএনপি ৭ নভেম্বরের সিপাহি বিদ্রোহকে ম্লান করার চেষ্টা করে, কর্নেল তাহেরের দেশপ্রেমকে খাটো করার চেষ্টা করে। কিন্তু সর্বোচ্চ আদালত সবকিছু বিশ্লেষণ করে রায় দিয়েছেন, তাহের হচ্ছেন বড়মাপের দেশপ্রেমিক আর তাহেরকে ঠান্ডা মাথায় হত্যা করেছেন জিয়া।
খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘সিপাহি বিপ্লব নিয়ে মিথ্যাচার বন্ধ করুন। কর্নেল তাহেরের সমাধিতে গিয়ে জিয়াউর রহমানের ভূমিকার জন্য মাফ চান।’
আলোচনায় জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার বলেন, দেশে যখন ৭ নভেম্বর পালন করা হচ্ছে, তখন একদিকে মুক্তিযুদ্ধের পক্ষ ঐক্যবদ্ধ, আরেক দিকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ঐক্যবদ্ধ। বিপক্ষে আছে বিএনপি-জামায়াত জোট। তারা ধর্মের নামে রাজনীতি করে, সেই অছিলায় জনগণকে বিভ্রান্ত করছে। এই জোট বাংলাদেশের রাজনীতি ও অস্তিত্বের প্রশ্নে একটা বিশাল রকমের হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সভাপতির বক্তব্যে জাসদের কার্যকরী সভাপতি শহীদুল ইসলাম বলেন, যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন সরকার ও বিরোধী দল হিসেবে স্বাধীনতার শক্তিই থাকবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, এমন কোনো শক্তি ক্ষমতায় থাকবে না।
আলোচনায় সহসভাপতি হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রিনা, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, জাসদের স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।