তাড়াইল উপজেলা বিএনপির দুই কমিটি নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দুটি কমিটি ঘোষণা করায় দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
জেলা বিএনপির তৎকালীন সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম গত ১৪ নভেম্বর উপজেলা বিএনপির ১৪১ সদস্যের কমিটি অনুমোদন করেন। একই তারিখে তাঁরা ১০১ সদস্যের আরও একটি কমিটি অনুমোদন করায় নেতা-কর্মীরা দ্বিধায় পড়েছেন।
গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা বিএনপির কমিটি হবে ১০১ সদস্যের।
দুটি কমিটিতে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক অভিন্ন থাকলেও অন্যান্য পদবিতে থাকা নাম নিয়ে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
নতুন কমিটির সহসভাপতি আবদুল হাই আল আজাদ বলেন, ‘তাড়াইল উপজেলা বিএনপির কমিটি ১৪১ সদস্যের, নাকি ১০১ সদস্যের—এ প্রশ্ন আমারও। এমন কাজ হওয়ায় নেতা-কর্মীরা হতবাক।’
তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির উভয় কমিটির সদস্য আলাউদ্দিন হীরা বলেন, ‘আমার হাতে ১৪১ সদস্যের কমিটি ও ১০১ সদস্যের কমিটি—দুটিই রয়েছে। হায়রে রাজনীতি!’
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির নতুন সভাপতি মো. ছাইদুজ্জামান মোস্তফা বলেন, ‘উপজেলা বিএনপির ১৪১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১০১ সদস্যের কমিটির ব্যাপারে আমি কিছু জানি না।’
কিশোরগঞ্জ জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা
বিএনপির কমিটি হবে ১০১ সদস্যের। ওই সময় তাড়াহুড়ো করে ১৪১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১০১ সদস্যের কমিটির বিষয়ে তিনি বলেন, কে বা কারা অন্যায়ভাবে এটি করেছে। পরে উপজেলা বিএনপির কমিটি সংশোধন করে সাংবাদিকদের অবহিত করা হবে।