তিতাস থানার ওসিকে বদলি, ছাত্রলীগের একাংশের আনন্দ মিছিল
কুমিল্লার তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আবদুল হান্নানকে জেলা পুলিশ লাইনে বদলি করা হয়েছে।
গতকাল রোববার সকালে পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ওই বদলির আদেশ দেন। তাঁর স্থলে তিতাস থানার ওসি পদে পদায়ন করা হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ওসি মো. মনিরুল ইসলামকে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুম সরকার খুন হওয়ার তিন দিনের মধ্যে তাঁকে বদলি করা হলো।
এদিকে তারেকের বদলির আদেশে সন্তোষ প্রকাশ করেছেন তিতাস উপজেলা ছাত্রলীগের একাংশের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা। তাঁরা ওই খবর পেয়ে গতকাল দুপুরে তিতাসে আনন্দ মিছিল বের করেন।
উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত অন্তত দুই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদারের অনুসারীদের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে বাবুর অনুসারীদের উপজেলার কড়িকান্দি বাসস্ট্যান্ডে গোলাগুলি হয়।
এ ঘটনায় সারোয়ারের অনুসারী মাসুম সরকার নিহত হন। এ হত্যাকাণ্ডের পর সড়ক অবরোধ, দফায় দফায় গোলাগুলিসহ নানা কারণে তিতাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।
এদিকে ওসির বদলির খবর পেয়ে গতকাল দুপুরে উপজেলার গাজীপুর বাসস্ট্যান্ডে আনন্দ মিছিল করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী।
এ প্রসঙ্গে দাউদকান্দি ও তিতাস (একাংশের) এলাকার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ জামিল দাবি করেন, ‘ওসি তারেক তিতাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ব্যর্থ হয়েছেন। জেলা পুলিশ সুপার তাঁকে বদলি করে সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছেন।’
অভিযোগ প্রসঙ্গে ওসি তারেক মো. আবদুল হান্নান বলেন, ‘আমি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। এখানে বর্তমানে যে পরিবেশ ও পরিস্থিতি চলছে, তাতে কোনো লোক চাকরি করতে পারবে না। ২০১৪ সালের জানুয়ারি মাসে এ থানায় যোগদান করেছি। দীর্ঘদিন ধরেই আমি বদলির জন্য চেষ্টা করেছি। পুলিশ সুপার মহোদয় আমাকে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন। আমার বদলিতে একটি মহল আনন্দ মিছিল করেছে বলে শুনেছি।’