তিন ইউনিয়নে পুনর্নির্বাচনের দাবি আ.লীগের প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর, দেবহাটার কুলিয়া ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দড়িয়াল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা পুনর্নির্বাচনের দাবি জানিয়ে অভিযোগ করেছেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে তাঁদের পরাজিত করা হয়েছে।
বরিশাল: দাড়িয়াল ইউনিয়নের নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী শহীদুল ইসলাম হাওলাদর। গতকাল রোববার দুপুরে নগরের প্রেসক্লাব মিলনায়তনে তিনি অভিযোগ করেন, দাড়িয়াল ইউনিয়নে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন হয়নি। ২২ মার্চ ভোট গ্রহণের দিন নৌকা মার্কার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
সাতক্ষীরা: শিবপুর ইউনিয়নের তিনটি কেন্দ্রের পুনর্নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী শওকত আলী। গতকাল বেলা দুইটায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২২ মার্চ নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হন। এ কারণে তাঁরা প্রকাশ্যে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। তাঁরা ভোটারদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন। ইউনিয়নের গদাঘাটা প্রাথমিক বিদ্যালয়, পরানদহা প্রাথমিক বিদ্যালয় ও খানপুর সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট কারচুপি করা হয়েছে। তিনি নৌকার বিপক্ষে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের বহিষ্কার ও ওই তিনটি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানান। তবে ওবায়দুর ও আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা শওকত আলীর পক্ষেই তাঁর সঙ্গে সভা-সমাবেশ করেছেন।
সাতক্ষীরা: দেবহাটার কুলিয়া ইউপির নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। গতকাল দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কুলিয়া ইউপির আওয়ামী লীগের প্রার্থী আসাদুল হক লিখিত অভিযোগে জানান, ভোটের দিন পুলিশ বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দেয়। ফলে বিদ্রোহী প্রার্থীর লোকজনদের কেন্দ্র দখলে নিতে সুবিধা হয়। নির্বাচনে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাদুল ইসলামের লোকজনের হুমকি-ধমকির কারণে তাঁর দুই শতাধিক সমর্থক বাড়িতে থাকতে পারছেন না। তাঁরা পালিয়ে আছেন আত্মীয়স্বজনের বাড়িতে।
এ ব্যাপারে কুলিয়া ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ইমাদুল ইসলাম তাঁর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, তিনি সন্ত্রাস করেন না। এলাকায় কিছু বিছিন্ন ঘটনা ঘটেছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, জনগণ ভোট দেননি বলে আসাদুল হক পরাজিত হয়েছেন। পুলিশ কারও পক্ষ নেয়নি।