তিন ইউপিতে নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা, পাচুরিয়া ও টগরবন্দ ইউনিয়নের বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সাংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এ ঘোষণা দেন তাঁরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ধানের শীষ প্রতীকের প্রার্থীদের নানা রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় বিএনপির প্রার্থীরা আওয়ামী লীগ প্রার্থী ও তাঁদের সমর্থকদের দ্বারা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন স্থান থেকে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের মামলা দিয়ে জেল-জরিমানা করানোর হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে যে অবস্থা চলছে তাতে আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। ফলে আমরা বাধ্য হয়েই তিন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করছি এবং নির্বাচন বর্জনের পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছি।
সংবাদ সম্মেলনে বিএনপির তিন চেয়ারম্যান পদপ্রার্থী বানা ইউনিয়নের মো. মারজান, পাঁচুড়িয়া ইউনিয়নের মো. শাহিদুর রহমান ও টগরবন্দ ইউনিয়নের সাজ্জাদ হোসেনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রত্যাখ্যান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের প্রথম আলোকে বলেন, প্রশাসন আওয়ামী লীগের পক্ষে কাজ করছে না। এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।