ফরিদপুরের জেলা বিএনপি বিভক্ত থাকায় তিন উপজেলায় বিএনপির কমিটি গঠন নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বোয়ালমারীতে পকেট কমিটি গঠনের অভিযোগ এনেছেন বিএনপির একাংশের নেতা-কর্মীরা। সদরপুরে একাংশ কমিটি গঠন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
আর চরভদ্রাসনের চারটি ইউনিয়নের প্রতিটিতে দুটি করে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পকেট কমিটি গঠনের অভিযোগ করেন বিএনপির নেতা ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাছিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একাধিকবার দল পরিবর্তনকারী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে জাতীয় পার্টি থেকে আসা তাঁর অনুগতদের নিয়ে কমিটি গঠন করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, ‘শাহ জাফর সরকার দলের সাংসদের সঙ্গে আঁতাত করে দলের কোনো কর্মসূচি করেন না এবং দলের কাউকে করতে দেন না। তিনি (শাহ জাফর) শুধু আমার অনুগত লোকজনের নামে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছেন।’
অভিযোগ প্রসঙ্গে শাহ জাফর বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তিনবার দল থেকে বহিষ্কৃত হয়েছেন খন্দকার নাছিরুল। তিনি (খন্দকার নাছিরুল) এখন বিএনপির কোনো পদে নেই দাবি করে শাহ জাফর বলেন, এ জন্য তাঁর অভিযোগ আমলে নেওয়ার কোনো যুক্তি নেই।
শাহ জাফর আরও বলেন, দলের কোনো লোকের যদি কমিটির গঠন নিয়ে কোনো অভিযোগ থাকে, তবে দলের ঊর্ধ্বতন ফোরামেই তা তুলতে হবে।
এদিকে গতকাল সকালে সদরপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। তাঁদের দাবি, এ পর্যন্ত উপজেলায় সাতটি ইউনিয়নে প্রকাশ্যে কমিটি করা হয়েছে। তাঁরা কোনো পকেট কমিটি করেননি।
সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী। লিখিত বক্তব্যে বলা হয়, ২০০১ সালে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মামুনকে বহিষ্কার করা হয়।
গোলাম রব্বানী আরও বলেন, ‘আমরা কোনো পকেট কমিটি করিনি। যাঁরা অভিযোগ এনেছেন, তাঁরা বিএনপি থেকে বহিষ্কৃত, ষড়যন্ত্রকারী ও আওয়ামী লীগের দালাল।’
অভিযোগ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান খান বলেন, ‘আমাকে বহিষ্কার করা দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী হয়েছে।’
একই সঙ্গে চরভদ্রাসনে বিএনপির দুই অংশের নেতা-কর্মীদের অংশগ্রহণে পাল্টাপাল্টি সম্মেলনের মধ্য দিয়ে উপজেলার চারটি ইউনিয়নে গত ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে কমিটিগুলো গঠন করা হয়েছে।
উপজেলা বিএনপির একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাজ্জেলমৃধা।
অন্য অংশটির নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম মৃধা।
এ ব্যাপারে মোয়াজ্জেম মৃধার সমর্থক কে এম ওবায়দুল বারী বলেন, ‘পাল্টাপাল্টি কমিটি গঠনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। কিন্তু বিএনপির সাধারণ সম্পাদক মোতাজ্জেল মৃধা দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করায় আমরা আলাদাভাবে ইউনিয়ন কমিটি গঠন করেছি।’
মোতাজ্জেল মৃধা বলেন, কেন্দ্রের নির্দেশ পেয়ে গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে যেসব নেতা-কর্মী রাজপথে সংগ্রাম করেছেন, তাঁদের নিয়েই ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।