তিন উপজেলায় বিদ্রোহীদের বহিষ্কার করল আ.লীগ
উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে তিন জেলায় তিনজন নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তাঁরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী (জগলু), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ সোহেল।
গতকাল রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে এই তিন উপজেলায় বিএনপির প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালই বহিষ্কারের চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে। তঁাদের দল থেকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না, তা ১৫ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে চিঠিতে।
সিলেটের ওসমানীনগর ও কিশোরগঞ্জের হোসেনপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা তৃতীয় হন। এই দুই উপজেলায় বিজয়ী বিএনপি প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর।
১ মার্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৃণমূল নেতাদের চিঠি দিয়ে অধীনস্থ কমিটি বিলুপ্ত ও কাউকে বহিষ্কার না করার নির্দেশনা দেন।