তিন কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু। এগুলো হচ্ছে জামায়াত ও বিএনপির পাঁচ সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীর নৌকার পক্ষে অবস্থান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরীর সঙ্গে সাক্কুর দূরত্ব এবং বিগত পাঁচ বছরে মেয়র থাকাকালে আওয়ামী লীগ দলীয় সাংসদের অনুসারীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ ভাগাভাগি।
নগরের বিভিন্ন পর্যায়ের ভোটার ও ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। ৩০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপির অন্তত চারজন সক্রিয় নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র পদে জয়ী হন মো. মনিরুল হক। নির্বাচিত হওয়ার পর নগরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ আওয়ামী লীগ দলীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী, কাউন্সিলর ও নিজে ভাগাভাগি করে নেন।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের দক্ষিণ এলাকার ৯টি ওয়ার্ডে ভোটের রাজনীতিতে বড় নেয়ামক (ফ্যাক্টর) বিএনপি দলীয় সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী। প্রবীণ এই রাজনীতিবিদ দলীয় প্রার্থী সাক্কুর গত পাঁচ বছরের কার্যক্রমে বেশ ক্ষুব্ধ। গত কয়েক দিনে গণমাধ্যমে দলীয় প্রার্থীকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন তিনি। এ অবস্থায় গত বৃহস্পতিবার সকালে মনিরুল হক চৌধুরীর বাড়ি নগরের নোয়াগাঁও এলাকায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম খান। এতেও তাঁর মন গলেনি। গতকাল শনিবার তিনি কুমিল্লা থেকে ঢাকায় চলে যান।
জানতে চাইলে মনিরুল হক চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সাক্কুর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। গতবার আমার নেতা-কর্মীরা এককাট্টা হয়ে তাঁর জন্য কাজ করেছে। এখানকার ৯ ওয়ার্ড থেকে বিপুল ভোট পান সাক্কু। নির্বাচিত হওয়ার পর তিনি আমার কথা রাখেননি। এবারের নির্বাচনে আমার সঙ্গে দেখাও করেননি। উল্টো আমাকে নিয়ে সন্দেহ করা হচ্ছে।’
এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর পদপ্রার্থী কাজী গোলাম কিবরিয়া, ২ নম্বর ওয়ার্ডের বিএনপির মো. বিল্লাল, ৬ নম্বর ওয়ার্ডের জামায়াতের মো. মোশাররফ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের মোহাম্মদ একরাম হোসেন ও ১৪ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর পদপ্রার্থী মো. সেলিম খান আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আঞ্জুম সুলতানা সীমার নৌকা প্রতীকের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে কাজী গোলাম কিবরিয়া ও মো. বিল্লাল বলেন, ‘আমাদের করার কিছু নেই। প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীরা স্থানীয় সাংসদের লোক। তাঁরা আমাদের নির্বাচনী প্রচারণা ব্যাহত করছেন। এ কারণে আমরা মেয়র পদ নিয়ে কোনো কথা বলছি না।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, ‘সাক্কু সাহেব দাবি করেন তিনি ৪০০ কোটি টাকার উন্নয়ন করেছেন। কিন্তু নগরের কোনো উন্নয়ন হয়নি। যাঁদের তিনি উন্নয়নমূলক কাজ দিয়েছেন, তাঁরা এবার তাঁকে রক্ষা করতে পারছেন না।’
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লা জেলার সভাপতি আইনজীবী নাজমুল আলম চৌধুরী নোমান বলেন, ‘সাক্কুকে গতবার ভোটাররা নিশ্চিত প্রত্যাশা নিয়েই ভোট দিয়েছিলেন। সেই প্রত্যাশা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। নগরের কান্দিরপাড়ে রাস্তার মধ্যে মার্কেট নির্মাণ করেছেন। নগরে জলজট, যানজট ও জনজট ঠেকাতে পারেননি তিনি।’
অভিযোগ প্রসঙ্গে মনিরুল হক সাক্কু বলেন, ‘নগরের উন্নয়নকাজের জন্য আমি পরিকল্পনামন্ত্রী ও স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিনের সহযোগিতা নিয়েছি। কিন্তু তাঁদের দলীয় কোনো কার্যক্রমে অংশ নিইনি। কাজ করতে গিয়ে দুই-একটি ভুল হয়েছে। সে ভুল সংশোধন করে এগিয়ে যেতে চাই। মনিরুল হক চৌধুরী ও জামায়াতের কাউন্সিলররা কেন ক্ষুব্ধ, তা বলতে পারব না।’