তিন খুনের মামলার আসামি আওয়ামী লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিন খুনের মামলার আসামিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে দলের অনেক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন।
এই উপজেলার পাঁচটি ইউপিতে ২২ মার্চ ভোট। প্রার্থী বাছাইয়ে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে তৃণমূল আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলার নয়াবাড়ী ইউপিতে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান, কুসুমহাটিতে আমজাদ হোসেন, বিলাশপুরে হুকুম আলী চোকদার, নারিশায় আওলাদ হোসেন, মোকসেদপুরে আবদুল হান্নান। এসব ইউপিতে আওয়ামী লীগের ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে একতরফা বাছাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার দোহার থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ২০১৪ সালে জাতীয় নির্বাচনের পরদিন ৬ জানুয়ারি বিলাশপুর ইউপির হাজারবিঘা গ্রামে সহিংসতায় তিনজন খুন হন। এ ঘটনায় হুকুম আলী চোকদারসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দোহার থানায় মামলা করা হয়েছিল।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, পরবর্তী সময়ে অভিযোগপত্রে তাঁকে ১ নম্বর আসামি করা হয়। এ বিষয়ে বক্তব্য জানতে গত রাতে একাধিকবার চেষ্টা করেও হুকুম আলীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিলাশপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও ‘বিদ্রোহী’ প্রার্থী মো. আলাউদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘দুই মেয়াদে চেয়ারম্যান হিসেবে মানুষের সেবা করে আসছি। অথচ আমাকে বাদ দিয়ে দলের স্বার্থান্বেষী কয়েকজন নেতার মদদে তিন খুন মামলার আসামি হুকুম আলী চোকদারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। আমি আশাবাদী, জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। বিলাশপুর ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হুকুম আলী চোকদার ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই হত্যাকাণ্ডে জড়িত নন। এ মামলায় যেহেতু রায় হয়নি, তাই দলের পক্ষ থেকে তাঁকে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।