তিন গুণ ক্রয়ক্ষমতা বাড়লে কি মানুষ টিসিবির ট্রাকের পেছনে লাইন দেয়: মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না
ফাইল ছবি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মন্ত্রীরা বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে, অসুবিধা কী, জনগণের ক্রয়ক্ষমতা বেড়েছে তিন গুণ। তিন গুণ ক্রয়ক্ষমতা বাড়লে কি মানুষ টিসিবির ট্রাকের পেছনে লাইন দেয়? মানুষ তো ডিপার্টমেন্টাল স্টোরে যাবে বা দেশের বাইরে যাবে।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আজ মঙ্গলবার সকালে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনদুর্ভোগ ও করণীয়’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ঢাকা মহানগর কমিটি।

বৈঠকে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক থেকে পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইনের প্রসঙ্গে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। টিসিবির লাইন নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সাম্প্রতিক একটি বক্তব্য টেনে আনেন তিনি। বলেন, ‘খোদ তথ্যমন্ত্রী বলেছেন, টিসিবির লাইনে প্যান্ট–শার্ট পরে মধ্যবিত্ত, সচ্ছল মানুষ পণ্য নিচ্ছে। ওনার এই বক্তব্যের কিছুদিন পর দেখলাম, চট্টগ্রামে টিসিবির পণ্যের ট্রাকের পেছনে শ দুয়েক মানুষ দৌড়াচ্ছে। এগুলো দুর্ভিক্ষের সিনেমায় দৃশ্য হিসেবে দেখানো যায়। এ রকম করুণ দৃশ্য সবখানে। পাঁচ থেকে ছয় ঘণ্টা দাঁড়িয়ে থেকে মানুষ পণ্য পায় না।’

মান্না মনে করেন, সিন্ডিকেটের কথা বলে সরকারকে আড়াল করা হচ্ছে। নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘বছরে দুই লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়। আর বাংলাদেশ ব্যাংক বলছে, আমরা সম্প্রসারণমূলক মুদ্রানীতি করছি। ১৩ বছর ধরে কোনো ভোট হয়নি। এ সরকার ভোট ডাকাতি করে নিয়ে যায়, টাকা তো ডাকাতি করবেই। যত ডাকাত সব এক জায়গায়। এই ডাকাতেরা মিলে ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার করছে।’

গোলটেবিল বৈঠকে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘দেশে রকেটের গতিতে উন্নয়ন হচ্ছে বলা হয়। এই রকেটের গতিতে উন্নয়নের ফলে মানুষ নিষ্পেষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, ন্যায্য অধিকার পাচ্ছে না।’

সভাপতির বক্তব্যে সুজনের ঢাকা মহানগর কমিটির সহসভাপতি ক্যামেলিয়া চৌধুরী বলেন, ‘এ দেশের মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন। তবে জায়গামতো গিয়ে তাঁরা অসচেতন। জিডিপি বেড়েছে বলা হচ্ছে, অথচ সাধারণ মানুষ জিডিপি কোন হারে বাড়ে এসব জানে না। নতুন কোটিপতিদের সঙ্গে গরিবদের জিডিপি গুণ দিলে ভারতের চেয়ে জিডিপি বাড়বেই। ফলে জিডিপি বাড়ে, কিন্তু আমরা বাড়ি না।’

অনুষ্ঠানে বাম গণতান্ত্রিক জোটের নেতা আবদুল্লাহ কাফি বলেন, ‘বাজারে এমন একটা পণ্য নেই যেটির দাম বাড়েনি। টুথপেস্ট, হুইল পাউডার থেকে চিনি, তেল—সবকিছুর দাম বেড়েছে। এ পরিস্থিতি জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এ সরকার অব দ্য, বাই দ্য, ফর দ্য ব্যবসায়ী। ব্যবসায়ীদের সুবিধা দিতেই এ সরকার কাজ করে। নির্বাচনে জনগণের সম্মতির প্রয়োজন হয় না এ সরকারের।’

বৈঠকে লিখিত বক্তব্য পাঠ করেন ভোক্তা অধিকার সংরক্ষণবিষয়ক সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি বলেন, ভোক্তা ও বাজার বিশ্লেষকদের মতে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয় নিত্যপণ্যের বাজারের দায়িত্ব পুরোটাই ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়েছে। সরকারের এ ব্যবসায়ী তোষণনীতির কারণে ব্যবসায়ীরা সন্তুষ্ট হলেও সাধারণ মানুষের মুখে হাসি নেই।