তিন ঘণ্টায় ভোট পড়েছে ৭১৬

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে ভোটারের উপস্থিতি অনেক কম। আজ শনিবার সকাল আটটায় ভোট শুরু হওয়ার পর বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় কলেজের চারটি কেন্দ্রের ১৭টি বুথে মাত্র ৭১৬ জন ভোটার ভোট দিয়েছেন। সেখানে মোট ভোটার ৬ হাজার ৭৪৪ জন।
সকাল আটটায় সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে ভোট শুরুর সময়ে কেন্দ্র ছিল প্রায় ফাঁকা। সময়ে–সময়ে দু–একজন ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছিলেন। ভোটকক্ষের সামনে ভোটারদের কোনো দীর্ঘ লাইন দেখা যায়নি। সকাল নয়টার দিকে ১৭টি বুথে ভোট পড়ে ৯০টি। ১৭টি বুথের আটটিতে বেলা ১১টা পর্যন্ত ধানের শীষের কোনো এজেন্ট দেখা যায়নি। তবে ভোটকক্ষে ভোটার উপস্থিতি কম হলেও কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থীদের কর্মী–সমর্থকদের সরব উপস্থিতি দেখা যায়।
সকাল সোয়া আটটার দিকে এক নারী ভোটার ভোট দিয়ে বেরিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে পেরে তাঁর ভালো লেগেছে। প্রার্থী ও প্রতীক দেখতে বুঝতে কোনো অসুবিধা হয়নি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নাজির আলী খানের (৭০) আঙুলের ছাপ মেলাতে বেশ বেগ পেতে হচ্ছিল নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের। বেশ কিছুক্ষণ চেষ্টার পর ছাপ মেলে। ভোট দিয়ে এসে তিনি বলেন, ভোটের জন্য লাইনে দাঁড়াতে হয়নি। ইভিএম পদ্ধতিকে তাঁর ভালো মনে হয়েছে। তবে আঙুলের ছাপ মেলাতে কিছুটা সময় লেগেছে। তাঁর মতে, ইভিএম নতুন বলে এবার কিছুটা অসুবিধা হতে পারে। তবে আগামী নির্বাচনে কোনো সমস্যা হবে না।

চারটি কেন্দ্রের মধ্যে একটির প্রিসাইডিং কর্মকর্তা মহিউদ্দীন আরিফকে ভোটার উপস্থিতি কম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা ভোটারদের ব্যক্তিগত বিষয়। ইভিএমে ভোট নিতে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, ইভিএম পদ্ধতি স্বচ্ছ একটি প্রক্রিয়া। এ পর্যন্ত ভোট নিতে কোনো কারিগরি সমস্যা হয়েছে কি না, জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দেন।