তিন জেলায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাবনা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ থেকে একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে জয়পুরহাট ও সিরাজগঞ্জে আওয়ামী লীগ থেকে একজন করে প্রার্থী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
পাবনা: এখানে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম। তবে বিদ্রোহের দামামা বাজিয়ে দলীয় এই প্রার্থীর বিরুদ্ধে গতকাল শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের আরও তিন নেতা। এই বিদ্রোহীরা হলেন বর্তমান জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য এম সাইদুল হক, মহিলাবিষয়ক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনের আলোচনা শুরু হলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে প্রায় ১০ জন নেতা দলীয় সমর্থন প্রত্যাশা করেন। তবে গত ২৫ নভেম্বর সন্ধ্যায় দলীয় প্রার্থী হিসেবে রেজাউল রহিমের নাম ঘোষণা করা হয়। ওই দিন মনোনয়নপ্রত্যাশী অন্য নেতারা সভানেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানালেও প্রথম দিন থেকেই বিদ্রোহের সুর তোলেন মাহজেবিন শিরিন।
মাহজেবিন শিরিন বলেন, ‘সাংবিধানিকভাবে এই নির্বাচন নির্দলীয়। এখানে দলীয় সমর্থন থাকলেও কোনো প্রতীক থাকছে না। তাই নারীর ক্ষমতায়নের ধারা সমুন্নত রাখার জন্যই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। যত বাধাই আসুক নির্বাচনে লড়ব।’
পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অবশ্য বলেন, ‘আমরা শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
রাজশাহী: এখানে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের বাইরে অন্য কেউ প্রার্থী হননি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাজপাড়া থানা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন বর্তমান জেলা পরিষদের প্রশাসক মাহবুব জামান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা এবং রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার।
বিদ্রোহী প্রার্থী শফিকুর রহমান বাদশা বলেন, ‘এটা দলীয় কোনো নির্বাচন নয়, দলীয় প্রতীকেও হচ্ছে না। কেন্দ্র একজনকে সমর্থন দিয়েছে। কিন্তু অন্য কেউ প্রার্থী হতে পারবে না—দলের এমন কোনো ঘোষণা আমার জানা নেই। দল যদি এমন নির্দেশনা দেয়, তবে প্রার্থিতা প্রত্যাহার করব।’
আওয়ামী লীগ প্রার্থী মাহবুব জামান বিদ্রোহী প্রার্থীদের সম্পর্কে বলেন, কেউ হয়তো উসকানি দিয়ে তাঁদের প্রার্থী করেছে।
চাঁপাইনবাবগঞ্জ: এখানে আওয়ামী লীগের চারজনসহ চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মইনুদ্দীন মণ্ডল, আওয়ামী লীগ নেতা আফসার আলী ও খুরশিদ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান, বণিক সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা আবদুল ওয়াহেদ ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি আলাউদ্দীন টিপু। জেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জয়পুরহাট: জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনী সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন চেয়ারম্যান পদে আরিফুর রহমান শুধু মনোনয়নপত্র জমা দিয়েছেন। আরিফুর রহমান জেলা আওয়ামী লীগ কমিটির সদস্য। তাঁর বাবা আব্বাস আলী মণ্ডল (৯১) একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য।
জয়পুরহাট জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাটে বিএনপি থেকে কেউ নির্বাচনে অংশ নেননি।
তবে জয়পুরহাট জেলা জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তিতাস মোস্তফা বলেন, তিনিসহ তাঁদের পার্টির দুজন সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিরাজগঞ্জ: জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রহিম বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জেলা পরিষদের প্রশাসক আবদুল লতিফ বিশ্বাস একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক জেলা পরিষদের সভাপতি ছিলেন।