
বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও ফরিদপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে ছিল আলোচনা সভা ও শোভাযাত্রা। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
খুলনা: ভোরে মহানগর কমিটিরকার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। আগের রাতে কার্যালয়ে আলোকসজ্জা করা হয়। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নির্মাণ করা হয় তোরণ।
বরিশাল: ভোর ছয়টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জেলা ও মহানগর বিএনপি পৃথকভাবে সমাবেশ করে।
ফরিদপুর: বেলা সাড়ে ১০টায় শহরের অম্বিকা ময়দান থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। তার আগে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শহীদ পারভেজ, আজম খান, সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী ও সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর প্রেসক্লাবের সামনে গেলে শোভাযাত্রার গতিরোধ করে পুলিশ। নেতাদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে প্রেসক্লাবের সামনেই কর্মসূচি শেষ করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, যানজটের অজুহাত দেখিয়ে পুলিশ শোভাযাত্রায় বাধা দেয়।