মামলার কারণে পরপর তিনবার মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত হওয়ার ঘটনায় বন্দরের সহস্রাধিক ভোটারের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ সূত্রে জানা গেছে, সংঘে বর্তমানে মোট ভোটারের সংখ্যা এক হাজার ১৫৮ জন। দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে ২৫ সদস্যবিশিষ্ট ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৯ জন প্রার্থী। নির্বাচনে দুটি প্যানেলে ৫০ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬ আগস্ট নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ছিল। কিন্তু¦ফায়ার সার্ভিস, হাসপাতাল ও স্কুল-কলেজের কর্মকর্তা-কর্মচারীরা এই সংঘের সদস্য হওয়ার যোগ্য নন মর্মে শ্রম আপিল ট্রাইব্যুনালে মামলা করেন সংঘের সদস্য আলমগীর হোসেন। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিটি নির্বাচন স্থগিত করে। মামলার কারণে এর আগে গত ২৬ জুন ও ২৩ জুলাই নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিটি।
সংঘের সাধারণ সম্পাদক (স্বতন্ত্র) পদপ্রার্থী দেলোয়ার হোসেন, ভোটার মিজানুর রহমান, রেজাউল, সহসভাপতি পদপ্রার্থী হাসান উজ জামান ও সভাপতি পদপ্রার্থী আলী হোসেন বলেন, নির্বাচন বানচাল করার লক্ষ্যে মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের বর্তমান নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবু বকর সিদ্দিক তাঁর অনুসারীদের দিয়ে আদালতে মামলা দায়ের করাচ্ছেন। আবু বকরের চাকরির মেয়াদ আছে আর নয় মাস। এ নয় মাসে ক্ষমতায় থেকে বাড়তি সুবিধা আদায়ের জন্য তিনি নির্বাচন বাধাগ্রস্ত করার কলকাঠি নাড়ছেন। তাঁরা আরও বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে সংঘের সদস্য হিসেবে যাঁরা (ফায়ার সার্ভিস, হাসপাতাল ও স্কুল-কলেজের কর্মকর্তা-কর্মচারী) ভোটাধিকার প্রয়োগ করে আসছেন, তাঁদের মধ্যে বেশ কিছু সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবু বকর তাঁর নিজস্ব লোক দিয়ে একের পর এক মামলা করাচ্ছেন। নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় তিনি এমন কাজ করছেন।
আবু বকর বলেন, ‘আমার অনুসারী মামলা করেছে, এ অভিযোগ ভিত্তিহীন। আমার ক্ষমতা ধরে রাখার ইচ্ছে নেই। মুক্তিযোদ্ধা হিসেবে এখনো প্রায় দুই-আড়াই বছর আমার চাকরির বয়স আছে। জোর করে বা ছলচাতুরি করে তো নির্বাচনে জেতা সম্ভব নয়। ভোটাররা যাঁকে নির্বাচিত করবেন, তিনিই বিজয়ী হবেন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ এসব অপপ্রচার চালাচ্ছে।’
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বন্দরের জ্যেষ্ঠ নিরীক্ষা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আবু সুফিয়ান বলেন, ‘সংঘের অনেক টাকা খরচ করে তিনবার নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও নির্বাচনের আগ মুহূর্তে শ্রম আপিল ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার কপি হাতে এসে পৌঁছায়। ফলে আইনগত কারণে বাধ্য হয়ে নির্বাচন স্থগিত করতে হয়েছে। এতে নির্বাচন পরিচালনা কমিটির লোকজনও অতিষ্ঠ হয়ে পড়েছে। নির্বাচন কমিটি থেকে লোকজন সরে যেতে চাচ্ছে। নির্বাচনের পরবর্তী তারিখ এ মুহূর্তে বলার সুযোগ নেই। ১১ আগস্টের পর যেকোনো দিন এ মামলার শুনানি হবে। তারপর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।’