নবনিযুক্ত প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতিসহ তিনটি দাবি পূরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফকে ২৪ ঘণ্টা সময় (আলটিমেটাম) দিয়েছে সরকার সমর্থক শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ।
গতকাল রোববার দুপুর ১২টায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এন এম রবিউল আউয়াল চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকীর নেতৃত্বে অন্তত ৩০ জন শিক্ষক উপাচার্যের সঙ্গে তাঁর দপ্তরে গিয়ে দেখা করে এসব দাবি জানান। উপাচার্য দাবিগুলো পর্যালোচনা করে দেখবেন বলে শিক্ষকদের আশ্বস্ত করেন।
দাবি তিনটি হলো নবনিযুক্ত প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন ও ইংরেজি বিভাগের প্রধান এম এম শরীফুল করিমকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং কম্পিউটার অপারেটর খলিলুর রহমানকে চাকরি থেকে অপসারণ। আজ সোমবার দুপুর ১২টার মধ্যে দাবিগুলো পূরণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিউল আউয়াল চৌধুরী প্রথম আলোকে বলেন, সম্প্রতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াতকে ওই বিভাগের প্রধান এম এম শরীফুল করিম তাঁর দপ্তরে মারার জন্য তেড়ে আসেন ও গালাগাল করেন। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তকাজ সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখার জন্য তাঁকে বিভাগীয় প্রধান, ডিন ও সিন্ডিকেট সদস্য থেকে সাময়িকভাবে অব্যাহতি দিতে হবে। এ ছাড়া বঙ্গবন্ধু পরিষদ ও শিক্ষক সমিতির সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে নানা অভিযোগ রয়েছে, এমন ব্যক্তিকে প্রক্টরের দায়িত্ব দেওয়া এবং নাশকতার মামলার আসামিকে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিউল আউয়াল চৌধুরী আরও বলেন, গত ১৫ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৭টি পদেই বঙ্গবন্ধু পরিষদের প্যানেল জয়ী হয়। যাঁরা ওই নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদের প্যানেলের বাইরে গিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন তাঁদের প্রক্টর ও হলের প্রাধ্যক্ষ পদে দায়িত্ব দিয়েছেন উপাচার্য। শিক্ষকদের ফোরামকে অবজ্ঞা করে এ ধরনের একনায়কতান্ত্রিক সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয় বলে মনে করছে বঙ্গবন্ধু পরিষদ। তাই এসব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এসব বিষয়ে উপাচার্য আলী আশরাফ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ইংরেজি বিভাগের প্রধান শরীফুল করিমকে অব্যাহতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সিন্ডিকেটে আলাপ করে। আর কাকে প্রক্টর নিয়োগ দেওয়া হবে, সেটা উপাচার্যের নিজস্ব এখতিয়ার। এ ছাড়া কর্মচারীর বিষয়টিতে বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার মতামত নেওয়া হবে।