তিন দিনে ছাত্রলীগের ১৩ কমিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন ও দুটি কলেজে গত তিন দিনে ছাত্রলীগের ১৩টি কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ উঠেছে, কমিটিগুলো গঠনের আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, এমনকি গঠনতন্ত্রও মানা হয়নি। গোপনীয়তা রক্ষা করে এসব কমিটি গঠন করায় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দলীয় নেতা-কর্মীরা জানান, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ছাত্রলীগের কমিটি গঠন করা শুরু করেন। এর মধ্যে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা, কাওরাইদ, তেলিহাটী, রাজাবাড়ি, প্রহ্লাদপুর, মাওনা, বরমী ও কাওরাইদ ইউনিয়নসহ দুটি কলেজ ও পৌরসভার তিনটি ওয়ার্ডের কমিটি গঠনের কাজ গতকাল শনিবার শেষ করেন। ওই সব কমিটি গঠন করা হলে বিভিন্নভাবে নেতা-কর্মীদের মধ্যে কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়ে। কমিটি গঠনের খবর পেয়ে দলের ত্যাগী নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গত শুক্রবার ও গতকাল শনিবার উপজেলার রাজাবাড়ি ও রাজেন্দ্রপুর এলাকায় নেতা-কর্মীরা বিক্ষোভও করেছেন।
শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মাসুম শেখ জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকিরের বাড়িতে গোপন বৈঠক বসে। ওই বৈঠকে রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এতে মো. আলমকে সভাপতি ও মো. শাহীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এলাকায় আলমমাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আর শাহিনের বাড়ি অন্য ইউনিয়নে। তাঁদের দুজনের কাছ থেকে ওই নেতারা পাঁচ লাখ টাকা নিয়েছেন বলে এলাকায় খবর ছড়িয়েছে।
তেলিহাটী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি (চলতি) শফিক সরকার বলেন, ‘নতুন করে কমিটি গঠনের খবরও আমাদের জানানো হয়নি।’ ছাত্রলীগের গঠনতন্ত্র উপেক্ষা করে এই কমিটি গঠন করেছে বলে তাঁর অভিযোগ।
গোসিঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নজরুল ইসলাম মোড়ল বলেন, ‘মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাতের আঁধারে এসব কমিটি করা হয়েছে। আমিও সভাপতি প্রার্থী ছিলাম, অথচ আমাকে জানানোই হয়নি।’
সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন অর রশিদ বলেন, মাত্র দুই দিনের ব্যবধানে আটটি ইউনিয়নসহ ১৩টি কমিটি গঠন করা হয়েছে।
শ্রীপুরের সাংসদ ও আওয়ামী লীগ নেতা মো. রহমত আলী সাংবাদিকদের জানান, ‘এসব কমিটি গঠন সম্পর্কে আমি কিছুই জানি না।’ অন্যদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির বলেন, নেতাদের সঙ্গে পরামর্শ করেই গঠনতন্ত্র অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠনে অর্থনৈতিক কোনো সম্পর্ক নেই দাবি করে কামাল ফকির বলেন, জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন সামনে রেখে নেতাদের নির্দেশে এ কমিটি করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকিরের মুঠোফোনে গতকাল শনিবার রাতে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া গেছে।
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কমিটির বিষয়ে জানান, ছাত্রলীগের কমিটি গঠনের ক্ষেত্রে কোনো কিছুই গোপন করা হয়নি। টাকাপয়সাও লেনদেন হয়নি। গঠনতন্ত্র মেনেই করা হয়েছে।
গাজীপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন জানান, এলাকার নেতা-কর্মীরা অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ করলে তা দলের বিধিমতো ব্যবস্থা গ্রহণ করা হবে।