তিন দিনের ভারত সফর শেষে বুধবার ফিরছেন এরশাদ

আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের পর এবার তিন দিনের ভারত সফর শেষে দেশে ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও দেশের সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় ও জাতীয় সংসদের আসন্ন নির্বাচন নিয়ে তিন দিন ধরে তাঁর আলোচনা হয়েছে। আগামীকাল বুধবার দলের অন্য প্রতিনিধিদের সঙ্গে তিনি ঢাকা ফিরে যাচ্ছেন।
এরশাদের এই সফর ভারত সরকারের আমন্ত্রণে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এই সফর নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিএনপি ও আওয়ামী লীগের নেতারা ভারতের বিভিন্ন থিংক ট্যাংকের সদস্যদের সঙ্গে দ্বিপক্ষীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করলেও জাতীয় পার্টির নেতা এরশাদ তা করেননি। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলতে রাজি হননি। তিনি জানিয়েছেন, যা বলার ঢাকা ফিরে বলবেন।
এরশাদের সঙ্গে দিল্লি এসেছেন জাতীয় পার্টির চার নেতা—জিয়াউদ্দিন বাবলু, রুহুল আমিন হাওলাদার, সুনীল শুভ রায় ও অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার। রোববার দিল্লি পৌঁছানোর পর রাতে এরশাদ যান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সরকারি বাসভবনে। নৈশভোজের আসরে আসন্ন নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন দলীয় অবস্থান, সামাজিক অবস্থা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তাঁদের কথা হয়। সোমবার বিকেলে এরশাদ সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। সুষমার অফিসে পৌনে এক ঘণ্টা ধরে তাঁদের বৈঠক হয়। এরপর তিনি দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। ঢাকা ফেরার আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গেও সাবেক রাষ্ট্রপতির দেখা করার কথা।
সরকারি আমন্ত্রণে এই সফর হলেও বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ নিয়ে কিছু বলা হয়নি। হাইকমিশনের পক্ষ থেকে প্রটোকল অনুযায়ী তাঁকে বিমানবন্দরে স্বাগত জানানো হয়। এরপর ভারত সরকারের আতিথেয়তায় তিনি একটি পাঁচতারা হোটেলে চলে যান।
বাংলাদেশের প্রায় দ্বিখণ্ডিত রাজনীতিতে জাতীয় পার্টির একটি বিশেষ ভূমিকা রয়েছে। সে কারণে ২০১৪ সালের ভোটের আগে তৎকালীন পররাষ্ট্রসচিব সুজাতা সিং ঢাকা সফরে গিয়ে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে দেখা করেছিলেন। জাতীয় পার্টির অংশগ্রহণ সেই নির্বাচনকে বৈধতা দিতে সাহায্য করেছিল। এবারের ভোটে জাতীয় পার্টি কী করবে, তা জানার একটা আগ্রহ ভারতের নীতিনির্ধারকদের রয়েছে। বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপি যখন এখনো দোদুল্যমান।