তিন ধারার নেতৃত্বে হ-য-ব-র-ল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির সংসদ নির্বাচনের পর মানিকগঞ্জ বিএনপির নেতা-কর্মীদের কেউ কেউ কারাগারে। অনেকেই গ্রেপ্তার-আতঙ্কে মাঠছাড়া। দলের উচ্চপর্যায় থেকে কোনো নির্দেশনা না থাকায় করণীয় নির্ধারণ করতে পারছেন না তৃণমূল নেতা-কর্মীরা। এর মধ্যে আবার বর্তমান কমিটির নেতৃত্ব তিন ধারায় বিভক্ত। সব মিলিয়ে এখানকার বিএনপি অনেকটাই হ-য-ব-র-ল অবস্থায় পড়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এক যুগ পর ২০১৩ সালের ৮ জুন আফরোজা খানকে সভাপতি ও মঈনুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি করা হয়। এর আগে আফরোজার বাবা হারুনার রশিদ খান ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক। আর, মঈনুল ইসলাম খানের বাবা শামসুল ইসলাম খান বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন। দলের বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মেজো ছেলে খোন্দকার আবদুল হামিদকে সহসভাপতি ও বড় ছেলে খোন্দকার আকবর হোসেনকে কৃষিবিষয়ক সম্পাদক করা হয়।
অভিযোগ রয়েছে, তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে যাঁদের যোগাযোগ রয়েছে, তাঁদের কমিটিতে রাখা হয়নি। ফলে তৃণমূলের নেতা-কর্মীদের অনেকেরই মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ কারণে দলের কোনো কোনো নেতা এই কমিটিকে ‘উত্তরাধিকার কমিটি’ বলে আখ্যায়িত করেন।
কমিটি গঠনের পর সভাপতি আফরোজা খান, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান ও সহসভাপতি খোন্দকার আবদুল হামিদের অনুসারীরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়েন। তাঁরা দলীয় কর্মসূচিও আলাদাভাবে পালন করতে থাকেন। অবশ্য গত ছয় মাসে কেবল আফরোজা খানের সমর্থক নেতা-কর্মীরাই কেন্দ্রঘোষিত কর্মসূচি ‘নামমাত্র’ পালন করেছেন। অপর দুটি পক্ষের নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম অনেকটাই স্থবির। দুই বছরেও জেলার পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এরই মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের কেউ কেউ আওয়ামী লীগেও যোগদান করেছেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আতাউর রহমান বলেন, পূর্ণাঙ্গ কমিটি করতে না পারা কমিটির পদপ্রাপ্ত নেতাদের ব্যর্থতা। এ নিয়ে কেন্দ্র থেকেও চিন্তাভাবনা করা হচ্ছে।
অবশ্য জেলা বিএনপির সভাপতি আফরোজা খান দাবি করেন, টানা সরকারবিরোধী আন্দোলন ও উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে ব্যস্ততা থাকায় পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। দলে ত্রিমুখী কোন্দলের কথাও তিনি অস্বীকার করেন। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে এ পর্যন্ত মানিকগঞ্জ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টির মতো মামলা হয়েছে। এসব মামলায় পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। হয়রানিমূলক এসব মামলার কারণে দলের অনেক নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে আছেন কারাগারে।
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান কমিটির একজন নেতা বলেন, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যবসায়ী। তাঁরা ছাড়াও সহসভাপতি আবদুল হামিদও ঢাকায় থাকেন। এ ছাড়া তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। দলীয় কর্মসূচিতেও তাঁদের তেমন একটা পাওয়া যায় না। সর্বশেষ গত ৩০ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর কর্মসূচিতে তাঁদের কেউ উপস্থিত ছিলেন না।
সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান দাবি করেন, ‘সব কর্মসূচিতে উপস্থিত না থাকতে পারলেও নেপথ্যে থেকে দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। তৃণমূল থেকে শুরু করে জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি।’
জেলা বিএনপির সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশের হয়রানিমূলক বিভিন্ন মামলায় অনেক নেতা-কর্মী কারাগারে আছেন। গ্রেপ্তার-আতঙ্কে নেতা-কর্মীরা বাড়িতে থাকতে পারেন না। কাজেই দলে সাংগঠনিক দুর্বলতা কিছুটা তো থাকবেই।’