তিন পরিবারে বন্দী নেতৃত্ব ত্যাগী নেতারা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পরিবারে বন্দী মানিকগঞ্জে বিএনপির নেতৃত্ব। ফলে মাঠের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রাখলেও দলের নেতৃত্বে আসতে না পারার হতাশা বিরাজমান অন্য নেতা-কর্মীদের মধ্যে। দলের সভাপতি-সাধারণ সম্পাদক ঢাকায় থাকেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পূর্ণাঙ্গ কমিটিও হয়নি। তবে এলাকায় দলটির জনসমর্থন থাকায় গত স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রার্থীরা ভালো করেছেন।

গত সপ্তাহে সরেজমিনে মানিকগঞ্জের বিএনপির নেতারা এবং জনসাধারণের সঙ্গে কথা বলে বোঝা গেল, সাংগঠনিক কার্যক্রম ক্রমেই দুর্বল হয়ে পড়লেও এলাকাবাসীর মধ্যে দলের প্রতি সমর্থন রয়ে গেছে। জেলা সদরসহ সাতটি উপজেলা পরিষদ নির্বাচনেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয় পেয়েছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও চারটি উপজেলায় বিএনপির প্রার্থীরাই চেয়ারম্যান পদে সংখ্যাধিক্য।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা যুবদল সভাপতি আতাউর রহমান তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনে তাঁদের প্রার্থীদের ওপরে নানা ধরনের চাপ ছিল। সুষ্ঠুভাবে নির্বাচন করতে দিলে তাঁরা ৮০ শতাংশ ইউনিয়নে জয় পেতেন। তবে দল সম্পর্কে এই নেতা সরাসরি বলেন ‘সংগঠন খুবই দুর্বল। ২০১৩ সালে ১৬ সদস্যের একটি কমিটি হয়েছে। এখনো সেই কমিটি পূর্ণাঙ্গ হয়নি। চার বছর হতে চলল কিন্তু কমিটির সদস্য একসঙ্গে কোনো সভাও করতে পারেননি।’

এই নেতা বলেন, এই কমিটিতে তাঁর ঠাঁই হয়নি। জেলার অনেক ত্যাগী নেতারই এই অবস্থা। তাঁরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। কিন্তু এখন দলের কোনো পদে নেই। পরিস্থিতি এমন যে কিছু বলতেও পারছেন না। কারণ রাজনৈতিক পরিস্থিতি অনুকূল নয়।

২০০১ সালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। এতে আহ্বায়ক ছিলেন শিল্পপতি হারুনার রশিদ খান। মানিকগঞ্জে বিএনপির গোড়াপত্তন এবং দল গঠনে আরও যাঁরা বিশেষ ভূমিকা রেখেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খান প্রমুখ। স্থানীয় নেতাদের মধ্যে প্রত্যাশা ছিল এই তিন পরিবারে প্রভাব বলয়ের বাইরে থেকে হয়তো জেলায় নতুন নেতৃত্ব আসবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। হারুনার রশিদ খানের মেয়ে আফরোজা খানকে সভাপতি, খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আবদুল হামিদকে সহসভাপতি এবং শামসুল ইসলাম খানের ছেলে মঈনুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যের একটি অসমাপ্ত কমিটি করা হয়ছিল। জেলার রাজনীতি মূলত এই তিন ধারায় বিভক্ত। এই ত্রিমুখী অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে জেলা কমিটি আজও পূর্ণতা পায়নি। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়ায় দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন নেতা-কর্মীরা।

স্থানীয় নেতারা বলেন, সভাপতি আফরোজা খান, সহসভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান ও সাংগঠনিক সম্পাদক এস এ কবির জিন্নাহ ঢাকায় থাকেন। তাঁরা শহরে এলেও নেতা-কর্মীদের মধ্যে যোগাযোগ খুবই কম। সভাপতি ও সাধারণ সম্পাদক, সহসভাপতির মধ্যেও দ্বন্দ্ব স্পষ্ট। একত্রে তাঁদের পাওয়া যায় না। আফরোজা খান কখনো শহরে এলে তাঁরা নিজেদের অনুসারীদের নিয়েই আলোচনা করে চলে যান। প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের দুই ছেলে খোন্দকার আবদুল হামিদ ও খোন্দকার আকবর হোসেন মাঝে মাঝে তাঁদের নির্বাচনী এলাকা ঘিওরে যান, দলীয় নেতা-কর্মীদের নিয়ে আলোচনায় বসেন। তবে জেলা শহরের দলীয় কোনো কর্মসূচিতে তাঁদের দেখা যায় না।

এ বিষয়ে জানতে চাইলে খোন্দকার আবদুল হামিদ বলেন, জেলা সভাপতি নিজের একক সিদ্ধান্তে চলেন। কারও কোনো মতামতের তোয়াক্কা করেন না। তিনি দলের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট করছেন। এ কারণেই তাঁরা শহরে তেমন যান না।

একইভাবে সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খানও তাঁর নির্বাচনী এলাকা সিঙ্গাইরে যোগাযোগ রক্ষা করলেও জেলা শহরে আসনে না। শহরে না যাওয়া সম্পর্কে তাঁরও একই অভিমত।

জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রায়হান উদ্দিন বলেন, জেলায় বিএনপি জ্যেষ্ঠ নেতারা আন্দোলনে না নেমে গা বাঁচিয়ে চলছেন। তাঁদের কারও নামে কোনো মামলা হয়নি। যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের প্রায় সব প্রথম সারির নেতাদের নামেই একাধিক মামলা রয়েছে। বহুদিন থেকে যুবদলেরও কোনো কমিটি নেই। তিনি প্রথম আলোকে বলেন, ‘জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদের তিন নেতাই যদি এলাকায় না থাকেন, তবে দলের সাংগঠনিক অবস্থা কেমন হবে বুঝতেই পারেন। সাংগঠনিক কাজে যাঁরা নিবেদিত থাকেন, সেই নেতা-কর্মীরা একটি দলীয় পদপদবি প্রত্যাশা করেন। তা না পেয়ে তাঁরা হতাশ বলে তিনি উল্লেখ করেন।

তবে প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের নেতারা অনেক সহনশীল এবং তাঁরা পরস্পরের প্রতি শ্রদ্ধাবানও। এ কারণে দেশের অন্য এলাকার মতো এখানে বিএনপি নেতা-কর্মীদের খুব বেশি জুলুম-নির্যাতনের মুখে পড়তে হয়নি। এমনকি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ ক্ষেত্রে তাঁরা নির্বাচনী প্রচারে অংশও নিতে পেরেছেন। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক এই মন্তব্য করলেন। শহরের দক্ষিণ সেওতা এলাকায় তাঁর ভাড়া বাসায় প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, মানিকগঞ্জে ২০০৮ সালের পরে খুব বড় আন্দোলন হয়নি। জেলার ওপরের দিকের নেতাদের নামে মামলাও তেমন নেই। ফলে তাঁরা স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিতে পেরেছেন। যুবদল, ছাত্রদল ও বিএনপির নিচের দিকের কিছু নেতা-কর্মীর নামে মামলা-মোকদ্দমা আছে। তবে দলীয়ভাবেই তাঁদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে দলের জেলা সভানেত্রী আফরোজা খান কোনো কর্মসূচি থাকলে এলাকায় আসেন। তাঁদের খোঁজখবর রাখেন।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান ঢাকায় তাঁর ধানমন্ডির বাড়িতে প্রথম আলোকে বলেন, প্রায় ১৭ বছর পর জেলা কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এই দীর্ঘ সময়ে তরুণ নেতারা প্রবীণ হয়েছেন, অনেক তরুণ নেতা সামনে এসেছেন। গত রাজপথের আন্দোলনে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সবাই দলে জায়গাপ্রত্যাশী। আবার ওপরের দিকের নেতাদের পছন্দ-অপছন্দ আছে। অথচ ১৫০ সদস্যের কমিটিতে সবাইকে স্থান দেওয়ার সুযোগ নেই। এসব নানা জটিলতায় বহু চেষ্টা করেও জেলা কমিটি পূর্ণাঙ্গ করা যায়নি।

মঈনুল ইসলাম বলেন, দলের স্থানীয় নেতৃত্বে বিভাজনের কথা সবাই জানেন, তা গোপন কিছু নয়। এ কারণে জেলা শহরে গেলে অনেক সময় অপ্রিয় পরিস্থিতির সৃষ্টি হয়। অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে আপাতত তিনি শহরে কম যাচ্ছেন। তবে তাঁর নির্বাচনী এলাকা সিঙ্গাইরে নিয়মিত যান। তাঁর মতে এখন মতপার্থক্য থাকলেও জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এলে এসব থাকবে না। তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীদের হয়ে মাঠে নামবেন বলে তাঁর বিশ্বাস।