তিন পার্বত্য জেলায় আজ হরতাল আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভার প্রতিবাদে আজ রোববার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঙালিদের পাঁচটি সংগঠন। এ ছাড়া সভাস্থল ঘেরাওয়ের ঘোষণাও দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। পার্বত্য গণপরিষদ ও বাঙালি ছাত্র ঐক্য পরিষদ এর আয়োজন করে।

আজ রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা হবে।

পার্বত্য গণপরিষদ ও বাঙালি ছাত্র ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী কার্যকর হলে পার্বত্য অঞ্চলের বাঙালিরা ভূমির অধিকার হারাবে। এ জন্য এই আইন বাতিল করে কমিশনে বাঙালি সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে পার্বত্য বাঙালিরা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

এর আগে গত ১০ ও ১১ আগস্ট বাঙালি সংগঠনগুলো ওই আইনের সংশোধনী বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি পালন করে।

গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভেটিং সাপেক্ষে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন সংশোধনের পর আজ কমিশনের প্রথম সভা হবে।

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. রেজাউল করিম জানান, বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার-উল হক রাঙামাটি পৌঁছেছেন।

হরতালের সমর্থনে গতকাল বিকেলে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল করেন বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা।

নতুন সংগঠনের আত্মপ্রকাশ: গতকাল সকালে রাঙামাটি শহরের বনরূপা এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘পার্বত্য ভূমি রক্ষা আন্দোলন’ নামের একটি বাঙালি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটি আজকের হরতালের প্রতি সমর্থন জানিয়েছে।

পার্বত্য ভূমি রক্ষা আন্দোলনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছে জাহাঙ্গীর আলম মুন্নাকে।