তিন পার্বত্য জেলায় হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভার প্রতিবাদে ও কমিশনের সংশোধনী আইন বাতিলের দাবিতে আজ রোববার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

পার্বত্য এলাকায় বাঙালিদের পাঁচটি সংগঠন গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এই হরতাল ডাকে। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভাস্থল ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছিল তারা। এদিকে কমিশন সভাস্থল পরিবর্তন করে শহরের ভেদভেদী এলাকার রাঙামাটি সার্কিট হাউসে স্থানান্তর করেছে।

পার্বত্য গণপরিষদ ও বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ব্যানারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী কার্যকর হলে পার্বত্য অঞ্চলের বাঙালিরা ভূমির অধিকার হারাবে। এ জন্য এই আইন বাতিল করে কমিশনে বাঙালি সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে পার্বত্য বাঙালিরা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

এর আগে গত ১০ ও ১১ আগস্ট বাঙালি সংগঠনগুলো ওই আইনের সংশোধনী বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি পালন করে।

গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভেটিং সাপেক্ষে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন সংশোধনের পর আজ কমিশনের প্রথম সভা হবে।

সরেজমিনে দেখা গেছে, হরতালের সমর্থনে ভোর থেকে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দিয়ে যান চলাচল বাধাগ্রস্ত করা হয়েছে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক ও নৌপথে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। রাঙামাটি শহরের প্রবেশমুখ ভেদভেদী, কলেজ গেট, বনরূপা, কাঁঠালতলী, পুরাতন বাসস্ট্যান্ড, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয় এলাকা, রিজার্ভ বাজার ও তবলছড়িতে হরতালের সমর্থকেরা অবস্থান নিয়েছেন। শহরের দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন আছে।

পার্বত্য ভূমি কমিশন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সূত্রে জানা গেছে, হরতাল ও নিরাপত্তার কারণেই সভাস্থল পরিবর্তন করা হয়েছে। বেলা ১১টায় সভা শুরু হয়েছে। এদিকে হরতালের সমর্থকেরা ভূমি কমিশনের সভাস্থল ঘেরাও কর্মসূচি দিলেও তেমন কোনো প্রস্তুতি দেখা যায়নি। কয়েকজন নেতার সঙ্গে কথা বলেও তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে হরতাল আহ্বানকারী কয়েকজন নেতা বলেন, সভাস্থল পরিবর্তন করায় তাঁদের ঘেরাও কর্মসূচি পরিবর্তন করা হবে। কারণ, স্থানান্তরিত সভাস্থল সার্কিট হাউসে যেতে হলে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যেতে হবে। সেখানে জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা আছে। তবে সার্কিট হাউস চত্বরে পুলিশ মোতায়েন দেখা গেছে।

রাঙামাটি পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।