তিন পৌরসভায় কেন্দ্র দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে না পারায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনারকে পদত্যাগ করে জনগণের কাতারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি। বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল বুধবার সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ আহ্বান জানায়।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল গতকাল নয়টি পৌরসভা নির্বাচনে সংঘটিত অনিয়ম সম্পর্কে সিইসির কাছে লিখিত অভিযোগ করে।
পরে নোমান সাংবাদিকদের বলেন, সম্প্রতি অনুষ্ঠিত সব কটি স্থানীয় সরকার নির্বাচনের অনিয়ম তদন্তের জন্য বিএনপি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। তদন্ত করে সিইসিকে নির্বাচনী অনিয়মের প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরতে বলেছে বিএনপি।
লিখিত অভিযোগে বিএনপি বলেছে, গতকাল ভোট শুরু হওয়ার আগেই সরকারি দলের সশস্ত্র ক্যাডাররা নোয়াখালী পৌরসভার আহমদিয়া উচ্চবিদ্যালয়, কারামতিয়া মাদ্রাসা, পৌর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর ইসলামিয়া মাদ্রাসা, ব্রাদার আঁন্দ্রে উচ্চবিদ্যালয়, প্রভাতি বিদ্যালয়সহ আরও কয়েকটি কেন্দ্র দখল করে নেয়। ফেনীর ছাগলনাইয়াতে দখল করা হয়েছে ১০টি কেন্দ্র। কসবাতে ১০টি কেন্দ্রের মধ্যে আটটিই সরকারি দলের প্রার্থীর লোকজন দখল করে নিয়েছে।
যে ধারায় নির্বাচন চলছে, তাতে এ কমিশনের অধীনে ভালো নির্বাচন করা আর সম্ভব নয় দাবি করে নোমান বলেন, ‘কমিশন সরকারের আজ্ঞাবহ। কমিশনের অধীনে জাতীয় নির্বাচনসহ কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। শুধু জাল ভোটই নয়, রীতিমতো ভোট ডাকাতি হয়েছে।’