পাঁচ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচন বর্জন

এজেন্টদের মারধর ও ব্যালট পেপারে নিজেরাই সিল মারার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর, রাজবাড়ির পাংশা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান ও ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির পাঁচজন মেয়র প্রার্থী। আজ বুধবার সকালে পৌরসভার নির্বাচন চলাকালে তাঁরা এই ঘোষণা দেন।
রায়পুর: ভোটকেন্দ্র থেকে প্রার্থীকে বের করে দেওয়া ও এজেন্টদের মারধরের প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এ বি এম জিলানী সাংবাদিকদের ডেকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
রায়পুর পৌরসভায় উপজেলা বিএনপির সভাপতি ও প্রধান নির্বাচনী এজেন্ট মনিরুল ইসলাম হাওলাদার অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা তাঁকেও ভোট কেন্দ্র থেকে ফিরিয়ে দিয়েছেন।
এ বি এম জিলানীর সমর্থকদের অভিযোগ, তাঁরা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করলেও তিনি অভিযোগ গ্রহণ করেননি।
রিটার্নিং কর্মকর্তা সোহেল সামাদ বলেন, এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তিনি পেয়েছেন। এরই প্রেক্ষিতে তিনি ভোটকেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ইসমাইল হোসেন খোকন বলেন, বিএনপির এজেন্টদের কেউ বের করে দেয়নি। ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে।
পাংশা: নির্বাচনী এজেন্টদের মারধর ও ভোটারদের জোর করে ভোট দিতে বাধ্য করার অভিযোগে রাজবাড়ির পাংশা পৌরসভায় মেয়র প্রার্থী চাঁদ আলী খান বেলা ১১টার দিকে নির্বাচন বর্জন করেছেন।
মেয়র প্রার্থী চাঁদ আলী খানের অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকেরা জোরপূর্বক ভোটারদের ভোট দিতে বাধ্য করছেন।
রাঙ্গুনিয়া: এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়া ও নৌকা প্রতীকে নিজেরাই সিল মারার অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থী হেলাল উদ্দীন শাহ। বেলা পৌনে ১১টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
হেলাল উদ্দীন শাহ প্রথম আলোকে বলেন, রাঙ্গুনিয়ার ১১টি ভোট কেন্দ্রে তাঁর কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আর যাঁরা ভোট দিতে যাচ্ছেন, তাঁদের মেয়রের প্রার্থীর ব্যালট দেওয়া হচ্ছে না। নৌকা মার্কায় সিল মারা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার প্রথম আলোকে বলেন, সুষ্ঠুভাবে ভোট চলছে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
রাউজান: ১৯টি কেন্দ্র দখল ও নিজেও ভোট দিতে না পারায় চট্টগ্রামের রাউজান পৌরসভার বিএনপির মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল হাসান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ বেলা ১১টার দিকে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল হাসান অভিযোগ করেন, সকাল থেকে ১৯টি ভোটকেন্দ্র দখল করে রাখা হয়েছে। কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তাঁর দাবি, তিনি নিজেও ভোট দিতে পারেননি।
গফরগাঁও: ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন নির্বাচন বর্জন করেছেন।
শাহ আবদুল্লাহ আল মামুন নির্বাচন বর্জনের কারণ সম্পর্কে বলেন, সব কেন্দ্রে সকাল থেকে মেয়র পদের ব্যালট দেওয়া হচ্ছে না। কোথাও দেওয়া হলেও সবার সামনে নৌকায় ভোট দেওয়া হচ্ছে। তাঁর স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য ভোট দিতে গিয়েও ভোট দিতে পারেননি। এজেন্টদের ভয়ভীতি দেখানোয় তাঁরা কেন্দ্রে যেতে পারেননি। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছেও এ অভিযোগ করেছেন।
বেলা একটার দিকে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে নৌকার সমর্থকেরা গলায় ব্যাজ ঝুলিয়ে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছেন আর ভেতরে দু-একজনকে দেখা গেছে।
একজন নারী ভোটার অভিযোগ করেন, তিনি কাউন্সিলর পদে দুটি ভোট দিতে পারলেও মেয়র পদে ভোট দিতে পারেননি। এ সময় একজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় যুবক ওই নারীকে সরিয়ে নেন। এই কেন্দ্রে একজনকে প্রকাশ্যে ব্যালটে সিল মারতে দেখা গেছে। ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থীর কোনো নির্বাচনী এজেন্টকে দেখা যায়নি।
জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির কোনো এজেন্ট কেন্দ্রে আসেনি।
খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সালটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে একইরকম ফাঁকা দৃশ্য দেখা গেছে।
সরেজমিন ঘুরে বিএনপি প্রার্থীর পোস্টার সেভাবে চোখে পড়েনি। বিএনপি নেতা-কর্মীদের মাঠে দেখা যায়নি। এ অবস্থায় মেয়র প্রার্থী শাহ আবদুল্লাহ আল মামুন নিজেও ভোট দিতে যাননি।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু বলেন, বিএনপি প্রার্থীর অভিযোগ পেয়েছেন। তবে সরেজমিনে বিভিন্ন কেন্দ্র ঘুরে তিনি এ অভিযোগের সত্যতা পাননি। কোনো ভোটার তাঁর কাছে অভিযোগ করেননি। ভোটাররা কেউ ব্যালটের বিষয়টি স্বীকারও করেননি।
আওয়ামী লীগের প্রার্থী এস এম ইকবাল হোসেন বলেন, তিনি এ ধরনের কোনো অভিযোগ শোনেননি।