তিন প্রার্থীর দুজনেরই নির্বাচন বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে জাল ভোট দেওয়া, ক্ষমতাসীন লোকদের কেন্দ্র দখল করে পোলিং এজেন্টদের বের করে দেওয়া ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে তার প্রতিবাদে দোহার উপজেলা চেয়ারম্যান পদের উপনির্বাচনে তিন প্রার্থীর দুজনই নির্বাচন বয়কট করেছেন।

নির্বাচন বয়কট করা প্রার্থীরা হলেন বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মেহবুব কবির।

আজ সোমবার সকাল আটটা থেকে দোহার উপজেলার ওই উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বেলা পৌনে একটার দিকে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেহবুব কবির উপজেলা পরিষদে সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন বয়কটের ঘোষণা দেন। মেহবুব কবির অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন জালভোট দিচ্ছে। তাঁর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। এ কারণে তিনি নির্বাচন বয়কট করছেন।

এদিকে বেলা একটার দিকে দোহার উপজেলা বিএনপি কার্যালয়ে নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন উপনির্বাচনের বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থনপ্রাপ্ত প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করে তাঁর পোলিং এজেন্টদের বের করে দিয়েছে। বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ জন্য তিনি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

সিরাজুল ইসলাম আরও বলেন, নির্বাচনে এসব জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ঢাকা জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলমগীর হোসেন দাবি করেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ওই প্রার্থীরা নির্বাচন বয়কট করেছেন। তাঁর দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে যেসব অভিযোগ বয়কট করা দুই প্রার্থী তুলেছেন, সেগুলো মিথ্যা।

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, প্রার্থীদের নির্বাচন বয়কটের কোনো ভিত্তি নেই। ভোট শেষে বিধি অনুযায়ী নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।