তিন বছর পর সরাইলে আ.লীগের কর্মিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের কর্মিসভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় কয়েকটি ধারায় বিভক্ত দলটির কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত হন।

জেলা আওয়ামী লীগের মাসব্যাপী সাংগঠনিক সফর উপলক্ষে গতকাল দিনব্যাপী এ সভা হয়। উভয় সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমুল হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, ২০১২ সালের ২১ অক্টোবর দলীয় কোন্দলে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ খুন হন। পরদিন তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরসহ ২৯ জন নেতা-কর্মীকে আসামি করে হত্যা মামলা করেন। তিন বছর আগের ওই হত্যাকাণ্ডের পর থেকে গতকালের আগে পর্যন্ত উপজেলায় দলটির আর কোনো সভা-সমাবেশ হয়নি।

স্থানীয় সূত্র জানায়, গতকালের সভায় প্রায় সাত-আট হাজার কর্মী অংশ নেন। প্রায় এক কিলোমিটার এলাকাব্যাপী তোরণ ও ব্যানার-ফেস্টুন টানানো হয়। এতে উপজেলার বিভিন্ন ধারার নেতাদের কর্মীরা যোগ দিয়ে নিজেদের সরব উপস্থিতির প্রমাণ দেন।

কর্মিসভায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, সরাইল উপজেলা আওয়ামী লীগকে সব ধরনের বিভক্তি ভুলে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ফজিলাতুন্নেছা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঈন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ও আবদুর রাশেদ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, সভায় পুলিশ, বিজিবি ও র‍্যাবের বিপুল সদস্য উপস্থিত ছিলেন। বিশাল এ সমাবেশে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়।