তিন বছর মেয়াদি কমিটির বয়স পেরিয়ে গেছে ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা যুবলীগের তিন বছর মেয়াদি কমিটির বয়স ১৩ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগে পদ পেয়েছেন। সংগঠনটির নেতা-কর্মীরা দ্রুত কমিটি গঠনের দাবি করেছেন।
জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান গতকাল বলেন, ‘বিষয়টি জানি। নালিতাবাড়ীসহ চারটি উপজেলায় দ্রুত কমিটি করা হবে।’
জেলা ও উপজেলা যুবলীগ সূত্র জানায়, ২০০৪ সালের ৫ জানুয়ারি সম্মেলনের মাধ্যমে মো. ওয়াজ কুরুনীকে সভাপতি ও মো. আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। ২০১৫ সালের ৩ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে ওয়াজ কুরুনীকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২০১৫ সালে ২ জানুয়ারি শহর আওয়ামী লীগের কমিটিতে আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমি শহর আওয়ামী লীগে চলে এসেছি। সভাপতিও উপজেলা আওয়ামী লীগের কমিটিতে গেছেন। নতুন করে যুবলীগের কমিটি গঠন হলে ভালো হয়। এতে নতুন নেতৃত্ব তৈরি হবে।’
উপজেলা যুবলীগ সূত্র জানায়, সম্প্রতি সংগঠনটির নতুন উপজেলা কমিটি গঠন করা হবে জেনে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতিমধ্যে কমিটির সভাপতি পদে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামুল কবির ও জাহাঙ্গীর আলম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলমের নাম প্রচারিত হচ্ছে। এ ছাড়া সাধারণ সম্পাদকের পদে শহর আওয়ামী লীগের সহসভাপতি মো. সোহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ, সদস্য নাদিম ভূঁইয়া ও ছাত্রলীগের সাবেক সদস্য মো. হাসানুজ্জামানের নাম আলোচিত হচ্ছে। দ্রুত যুবলীগের কমিটি গঠনের দাবিতে গত ১০ জানুয়ারি সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ও ১৪ জানুয়ারি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসানুজ্জামান পৌর শহরে মিছিলসহ পথসভা করেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আশা করি দ্রুত কমিটি করা হবে। আমি সভাপতি পদে প্রার্থী। তবে দল যে সিদ্ধান্ত দেবে, তা মেনে নেব।’
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘ইতিমধ্যে শহরে প্রচারণা চালিয়েছি। আশা করছি দল আমাকে মনোনীত করবে।’
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামুল কবির বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদকের অবর্তমানে যুবলীগের দলীয় কার্যক্রমের দায়িত্বে রয়েছি। আশা করি সভাপতি পদে দল আমাকে মনোনীত করবে।’