তিন বছরের কমিটি সাড়ে তিন বছর পর অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা আওয়ামী লীগের তিন বছরের কমিটি অনুমোদন পেল সাড়ে তিন বছর পর। কমিটিতে হাসানাত পরিবারের পাঁচ সদস্য স্থান পেয়েছেন। পদ পেয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও বিএনপি থেকে যোগ দেওয়া ব্যক্তিরাও।
১১ জুন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দেশের সাতটি সাংগঠনিক জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। বরিশাল তার মধ্যে একটি।
সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহকে সভাপতি এবং সাংসদ তালুকদার মো. ইউনুসকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট বরিশাল জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ১১ জুন দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বরিশালসহ সাতটি সাংগঠনিক জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। খুব শিগগির বরিশাল মহানগর কমিটির অনুমোদন দেওয়া হবে।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, ২০১২ সালের ২৭ ডিসেম্বর বরিশাল জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। বাহাউদ্দিন নাছিমের উপস্থিতিতে ওই কাউন্সিলে শুধু সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের নাম ঘোষণা করা হয়। খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আশ্বাসও দেওয়া হয়। এ ব্যাপারে সভাপতি ও সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রে তালিকা পাঠাতে বলা হয়। সেই অনুযায়ী কেন্দ্রে তালিকাও পাঠানো হয়। কিন্তু সাড়ে তিন বছরেও কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন দলের প্রধান। তাঁর অনুমোদন দেওয়া কমিটি নিয়ে মন্তব্য করা ঠিক নয়। তারপরও কমিটি যাই হোক সাড়ে তিন বছর পর অন্তত অনুমোদন পেয়েছে। কিন্তু ৭১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে সভাপতিসহ পাঁচজন এক পরিবারের। তাঁরা হলেন সহসভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা বেগম, ত্রাণ ও সমাজসেবা সম্পাদক শ্যালক কাজী মফিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর মেজো ছেলে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, চাচাতো ভাই রইস সেরনিয়াবাত।
এঁদের মধ্যে আশিক আবদুল্লাহকে ১৯৯৬ সালের পর রাজনীতির মাঠে দেখা যায়নি। কাজী মফিজুল ইসলাম কোনো দিনই রাজনীতির মাঠে আসেননি। ঠিকাদারির বাইরে তিনি পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
কমিটিতে পদ পাওয়া আরেক নেতা প্রথম আলোকে বলেন, ‘তিন বছরের কমিটি সাড়ে তিন বছর পর অনুমোদন হলো। এখন নয় বছর থাকলেও সমস্যা হবে না। তবে একদম ছাত্রলীগ থেকে জেলা কমিটিতে পদ দেওয়াটা কতখানি সঠিক হয়েছে বুঝতে পারছি না।’ তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বিএনপি থেকে দলে যোগ দেওয়া আবদুর রশীদ খান। পদ পেয়েছেন বরিশাল জেলার সব উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান ও মেয়ররা। অন্যদিকে দলের ত্যাগী নেতা মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, সুরুজ চৌধুরী ও খান আলতাফ হোসেন ভুলুর মতো পরীক্ষিত নেতাদের কমিটিতে স্থান হয়নি।
সাড়ে তিন বছর পর কমিটির অনুমোদন কেন—জানতে চাইলে আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক দল চলে আস্থা এবং বিশ্বাসের ওপর। দলীয় কর্মকাণ্ড গুছিয়ে উঠতে কিছুটা সময় লেগেছে। তাই কমিটি অনুমোদন দিতে দেরি হয়েছে। আগামীতে ধারাবাহিকভাবে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন হলে এই সমস্যা থাকবে না। আর তৃণমূল থেকে দেওয়া তালিকাই অনুমোদন দিয়েছে কেন্দ্র।’