তিন বছরের কমিটিতে এক যুগ পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের কমিটি তিন বছরের জন্য গঠন করা হলেও ১২ বছর ধরে একই কমিটি বহাল রয়েছে। সাংগঠনিক কোনো কার্যক্রমে এই কমিটির নেতারা সক্রিয় নন। এতে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী জানান, ২০০৩ সালের ২৮ মার্চ তিন বছর মেয়াদে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। এরপর প্রায় ১২ বছর হলো। এ সময়ে নতুন কমিটি হয়নি। বর্তমান কমিটি এ পর্যন্ত কোনো যৌথ বর্ধিত সভা করতে পারেনি। পারেনি কোনো উপসাংগঠনিক কমিটি গঠন করতে। তবে কমিটির নেতারা দলীয় পদ ব্যবহার করে সুযোগ-সুবিধা নিচ্ছেন। এতে তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়ছেন। তাঁদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে।
এই কমিটির সময় দুটি করে জাতীয় ও উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। কিন্তু তারা নির্বাচনকেন্দ্রিক কোনো যৌথ সভাও করেনি। বিরোধী দলবিহীন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী বিজয়ী হলেও উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থী পরাজিত হয়েছেন। তবে প্রথমবারের মতো গত ২৪ জুলাই ও পরে ২৭ জুলাই একটি বর্ধিত সভার উদ্যোগ নিয়েছিল উপজেলা আওয়ামী লীগ। কিন্তু জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহাদ আলী সরকারের আপত্তির মুখে ওই সভা হয়নি। তবে আহাদ আলী সরকার বলেন, ‘বড়াইগ্রামে বর্ধিত সভা হওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি ছিল না। শহরে কিছু কর্মসূচি থাকায় বড়াইগ্রামের নেতাদের তারিখ পরিবর্তনের কথা বলেছিলাম।’
জয় বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তৃণমূলের নেতা-কর্মীদের তোপের মুখে পড়ার ভয়ে বর্তমান কমিটিতে গত ১২ বছরেও কোনো সম্মেলন হয়নি। এ ছাড়া পদ হারাতে পারেন—এ আশঙ্কায় অনেক নেতা নতুন কমিটি গঠনে কোনো উদ্যোগ নিচ্ছেন না। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ায় নতুন কমিটি গঠনে পদক্ষেপ নিতে পারছেন না। পদ টিকিয়ে রাখতে পৌরসভা, ইউনিয়ন কমিটি এবং যুবলীগ, ছাত্রলীগসহ উপকমিটি গঠনেও তাঁরা অসহযোগিতা করছেন।
বড়াইগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক রবিউল করিম বলেন, ‘আমাদের যে নতুন করে কমিটি হওয়া দরকার, তা ভুলেই গেছি। প্রায় এক যুগ ধরে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কোনো সভা হয়নি। এ নিয়ে সাধারণ কর্মীরাও কটাক্ষ করেন।’
উপজেলার নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মণ্ডল জানান, বড় নেতারা ঠিকই দলের সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন। সভা-সমিতিতে তাঁদের জন্য চেয়ার-টেবিল থাকছে। তাই তাঁরা নিজেদের বদলানোর কথা ভাবছেন না। ফলে সংগঠন নিষ্ক্রিয় হয়ে পড়েছে।