তিন বছরের কমিটিতে দেড় যুগ পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৭ সালে। তিন বছরের সেই কমিটি চলছে দেড় যুগ ধরে।
দলীয় সূত্র জানায়, ৫৭ সদস্যের ওই কমিটিতে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুল আলমকে সভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল ওহাবকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির ১৩ জন এখন আর বেঁচে নেই। সভাপতি পক্ষাঘাতগ্রস্ত। কিছু সদস্য আছেন নিষ্ক্রিয় হয়ে। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব ‘ওয়ান ম্যান’নির্ভর হয়ে পড়েছে। ফলে দল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
নেতা-কর্মীরা বলেন, ‘ওয়ান ম্যান’ বলতে তাঁরা সাধারণ সম্পাদক আবদুল ওহাবকে বুঝিয়েছেন। তাঁর বাইরে দলীয় সিদ্ধান্তে অন্য কারও ভূমিকা রাখার সুযোগ নেই বললে চলে। তাঁর ওপর স্থানীয় সাংসদ সোহরাব উদ্দিনের শুভ দৃষ্টি রয়েছে। নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়ায় দলের কর্মী-সমর্থকদের নামের আগে এখন হয় ‘সাবেক’, না হয় ‘কর্মী’ পরিচয় যুক্ত করে চলতে হচ্ছে। নেতা পরিচয় অর্জনের সুযোগ আর আসছে না।
তবে অন্য একটি পক্ষের দাবি, ওহাব চৌকস, কাজপাগল ও গতিশীল নেতা। দল পরিচালনায় কটিয়াদীতে এখনো তাঁর বিকল্প তৈরি হয়নি।
উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলী আকবর বলেন, আওয়ামী লীগ এখন ক্ষমতাসীন। দলটির কাছে জনগণের প্রত্যাশা বেশি। এত বড় দল ‘ওয়ান ম্যান’নির্ভর হয়ে চলতে পারে না।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, দ্রুত সম্মেলন হওয়া প্রয়োজন। নতুন নেতৃত্ব তৈরি করা না গেলে দলের সর্বনাশ হবে।
গত শনিবার কটিয়াদীতে গিয়ে দেখা যায়, গরুর হাটের কাছে দলীয় কার্যালয়টি এখন আর ব্যবহৃত হয় না। কার্যালয়ে কবে সর্বশেষ আনুষ্ঠানিক সভা হয়েছিল, কারও জানা নেই। বর্ধিত সভার সঙ্গে পরিচিত নন কমিটির কেউ। কারও কাছে পাওয়া যায়নি কমিটির তালিকাও।
নেতা-কর্মীরা বলেন, এসব নিয়ে চাপা ক্ষোভ এখন প্রকাশ্য রূপ পেয়েছে। ১২ আগস্ট আচমিতা ইউনিয়ন কমিটির ব্যবস্থাপনায় আচমিতা বাজারে সমাবেশ হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল। সমাবেশে আবদুল ওহাব কিংবা সাংসদকে দেখা যায়নি। পরদিন একই স্থানে একতা যুব সংঘের ব্যানারে সমাবেশ করে ওহাব পক্ষ। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ সোহরাব উদ্দিন। আগের দিনের সমাবেশে নেতা পর্যায়ের যাঁরা উপস্থিত ছিলেন, পরদিনের সমাবেশে তাঁরা কেউ ছিলেন না।
সভাপতি শামসুল আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি শয্যাশায়ী। তবে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। তিনি বলেন, এখন দল অনেকটাই সাধারণ সম্পাদকনির্ভর হয়ে পড়েছে। কমিটির অনেক নেতা মারা গেছেন। তাই ভূমিকা রাখার মতো কেউ নেই।
সাংসদ সোহরাব উদ্দিন বলেন, ‘জেলা কমিটির নেতারা না চাইলে আমি চাইলেও সম্মেলন হবে না।’ ‘ওয়ান ম্যান’নির্ভরতার বিষয়ে তিনি বলেন, আসলে সভাপতি শয্যাশায়ী হওয়ার কারণে মানুষ এমনটা মনে করে থাকতে পারে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, দীর্ঘদিন সম্মেলন না হওয়া দলের জন্য ভালো নয়। দ্রুত বর্ধিত সভা করে উপজেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
আবদুল ওহাব বলেন, দল ‘ওয়ান ম্যান’নির্ভর হলে মেয়র ও নয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে নৌকা জয়ী হতো না। এক বছর আগে বর্ধিত সভা হয়েছে। সম্মেলন করার প্রস্তুতি হিসেবে তিনি ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো গুছিয়ে আনছেন।