তিন বছরের কমিটিতে পার ১৪ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

যশোরে যুব রাজনীতিতে ভাটার টান

রাজনীতির মাঠে যুবকদের ভূমিকা অগ্রগণ্য। তবে যশোরে প্রধান দুই রাজনৈতিক দলেরই যুব সংগঠনে এখন স্থবিরতা বিরাজ করছে। দীর্ঘদিনেও সম্মেলন না হওয়ায় জেলা যুবলীগের অধিকাংশ সদস্যই এখন নিষ্ক্রিয়। ওদিকে ১৩ বছর ধরে সম্মেলন নেই জেলা যুবদলেরও। কমিটির দু-একজন ছাড়া এখন সবাই নিষ্ক্রিয়। বিস্তারিত জানিয়েছেন আমাদের যশোর অফিসের মনিরুল ইসলাম

তিন বছরের জন্য গঠিত যশোর জেলা যুবলীগের কমিটি ১৪ বছর পার করেছে। কমিটির অধিকাংশ সদস্যই এখন নিষ্ক্রিয়। এত দিনেও কমিটি না হওয়ায় পদপ্রত্যাশী ও সাধারণ নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। নেতৃত্বেও চলছে চরম সংকট।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালের ১৯ জুলাই জেলা যুবলীগের সম্মেলন হয়। এতে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে সভাপতি ও জহিরুল ইসলাম চাকলাদারকে সাধারণ সম্পাদক করে জেলা যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়। ৫৩ সদস্যবিশিষ্ট এই কমিটির মেয়াদ ছিল তিন বছর। সে হিসেবে ২০০৬ সালে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে।

কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার ২০১৫ সালের নির্বাচনে যশোর পৌরসভার মেয়র নির্বাচিত হন। ইতিমধ্যে কমিটির চার সদস্য মারা গেছেন। তাঁরা হলেন সহসভাপতি আশরাফ হোসেন, নির্বাহী সদস্য জয়ন্ত বিশ্বাস, তরুণ অধিকারী ও সোহেল রানা। অপর এক সদস্য দীর্ঘদিন নিখোঁজ। কয়েকজন বিদেশে চলে গেছেন। এর বাইরে অনেকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছেন। ফলে জেলা যুবলীগ এখন সভাপতি-সম্পাদকসর্বস্ব হয়ে পড়েছে।

নেতা-কর্মীরা বলছেন, পদ চলে যেতে পারে, এমন শঙ্কায় এত দিন যুবলীগের সম্মেলন দেওয়া হয়নি। যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা আওয়ামী লীগের মূল কমিটিতে ভালো পদ পাননি বলেই সম্মেলন দিতে গড়িমসি করছেন।

তবে এ বক্তব্য মানতে নারাজ জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, এটা পদ ধরে রাখার বিষয় নয়। আসলে জাতীয় রাজনীতির প্রতিকূল অবস্থার কারণে সম্মেলন করতে একটু দেরি হয়ে গেছে। সম্মেলন করতে গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্র থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। এখন প্রস্তুতি চলছে।

যুবলীগের রাজনীতিতে আসতে আগ্রহী যশোর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগের রাজনীতি থেকে যুবলীগের রাজনীতিতে আসার নিয়ম। কিন্তু ছাত্রলীগের পদ ছেড়েছি অনেক আগেই। কিন্তু সম্মেলন না হওয়ায় যুবলীগের রাজনীতিতে যুক্ত হতে পারিনি। নিয়মিত সম্মেলন না হওয়ায় নেতৃত্বেও একধরনের সংকট দেখা দিচ্ছে।’

সম্মেলন না হওয়ার কারণ ‘জামায়াত-শিবির’?

১৪ বছরেও জেলা যুবলীগের সম্মেলন কেন হলো না, এই প্রশ্নের কোনো সদুত্তর নেই যুবলীগের মেয়াদোত্তীর্ণ ওই কমিটির নেতাদের কাছে। গোঁজামিল দিয়ে তাঁরা বিষয়টির ব্যাখ্যা করছেন।

সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার প্রথম আলোকে বলেন, জামায়াত-বিএনপির আন্দোলন মোকাবিলা করতে গিয়ে সম্মেলন করার সময় হয়ে ওঠেনি। তবে শিগগিরই যুবলীগের জেলা সম্মেলন করা হবে। তিনি জানান, কেন্দ্র থেকে দেওয়া চিঠিতে আগামী জুন মাসের আগেই সম্মেলন শেষ করতে বলা হয়েছে। সে মোতাবেকই প্রস্তুতি চলছে। ২০ মার্চ যুবলীগের বর্ধিত সভায় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে।