বরগুনার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয় গত বছরের জুনে। এরপর এক বছর পেরিয়ে গেলেও আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। এক যুগ আগের কমিটি দিয়ে চলছে কাজ। এতে হতাশ হয়ে পড়েছেন নেতারা।
উপজেলা আওয়ামী লীগের অন্তত ১০ জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালের ২৪ জুন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। ওই সম্মেলনের প্রায় সাড়ে ১৩ মাস পরেও নতুন কমিটি হয়নি। এতে দলের ত্যাগী ও বিশ্বস্ত নেতা-কর্মীরা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাচ্ছেন না। এ কারণে তাঁরা হতাশ হয়ে পড়ছেন।
স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান বলেন, সম্মেলনের পরেও নতুন কমিটি না হওয়ার ক্ষেত্রে বাধা কোথায়, তা বোধগম্য নয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ৪ জুন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ৬৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই সম্মেলনের এক যুগ পরও আর কোনো কমিটি হয়নি। তবে প্রায় দেড় বছর আগে সভাপতি গোলাম কবিরকে পদ থেকে অব্যাহতি দিয়ে ৪ নম্বর সহসভাপতি বেলায়েত হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। ওই কমিটির একজন সদস্য ইতিমধ্যে বহিষ্কার হয়েছেন এবং আটজন মারা গেছেন। এ ছাড়া অন্তত ২১ জন সদস্য বর্তমানে দলে নিষ্ক্রিয় আছেন। এরপর গত বছরের ২৪ জুন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়।
নাম প্রকাশ না করার শর্তে দলের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, গত বছরের সম্মেলনে কমিটি ভেঙে দিয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
সর্বশেষ সম্মেলনের কাউন্সিলর সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নয়জন প্রার্থী ছিলেন।
সাংগঠনিক সম্পাদক জাবির হোসেন বলেন, এক বছর ধরে নেতৃত্বহীন ও অভিভাবকহীন হতে চলছে উপজেলা আওয়ামী লীগ। এতে নতুন নেতৃত্বের বিকাশ তো দূরের কথা, পুরোনো নেতৃত্বের জট বেঁধে রয়েছে।
অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘জেলা আওয়ামী লীগের দেওয়া দায়িত্ব নিয়ে আমরা সভাপতি ও সম্পাদক দুজন মিলে এক বছর ধরে দল পরিচালনা করছি। সভা ডাকা হলে কেউ সভায় আসেন না, এটা দুঃখজনক। আমরাও চাই দ্রুত কমিটি ঘোষণা করা হোক।’
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর মুঠোফোনে বলেন, দলীয় কোন্দলের জন্য কমিটি ঘোষণায় সময় নেওয়া হচ্ছে। সব দিক বিবেচনা করে সময়মতো কমিটি ঘোষণা করা হবে।